জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আমরা ঘোষণা করেছি বাংলাদেশের প্রতি ইঞ্চি মাটি থেকে আমরা মুজিববাদ বিতাড়িত করব। মুজিববাদদের আমরা বিচারের আওতায় আনব।
মঙ্গলবার (২৯ জুলাই) বিকেলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দেশ গড়ার প্রত্যয়ে ঘোষিত জুলাই পদযাত্রার অংশ হিসেবে গাজীপুরের শ্রীপুরে জুলাই গণঅভ্যুত্থানে উপজেলায় শহীদদের স্মরণে দোয়া মাহফিলে উপস্থিত হয়ে তিনি এসব কথা বলেন। এতে আরও বক্তব্য রাখেন উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
এসময় জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আমাদের লড়াই শেষ হয় নাই। আমাদের নতুন বাংলাদেশ গড়ার লড়াই চলমান আছে। আজকেও দেখেছেন গাজীপুরের সন্ত্রাসীরা টহল দিচ্ছে মহড়া দেওয়ার চেষ্টা করছে ভয় দেখিয়ে নাগরিক পার্টির জাতীয় গণঅভ্যুত্থানের শক্তিকে তারা রুখে দেওয়ার চেষ্টা করছে। গোপালগঞ্জেও আমাদেরকে বাধা দিয়ে রাখা যায়নি। আমরা গোপালগঞ্জের মাটিতে গিয়েছি। আমরা গাজীপুরের মাটিতেও এসেছি। বাংলাদেশের ৬৪টি জেলায় আমরা যাব। আমরা ঘোষণা করেছি বাংলাদেশের প্রতি ইঞ্চি মাটি থেকে আমরা মুজিববাদ বিতাড়িত করব। মুজিববাদদের আমরা বিচারের আওতায় আনব। জাতীয় নাগরিক পার্টির সঙ্গে থাকার আহ্বান সঙ্গে থাকুন, গণঅভ্যুত্থানে যারা শহিদ হয়েছেন, আহত হয়েছেন তাদের সঙ্গে থাকবেন। তাদের জন্য দোয়া প্রার্থনা করেন।
জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম নেতা এনসিপির কেন্দ্রীয় মুখ্য সংগঠক ( উত্তরাঞ্চল) সারজিস আলম বলেন, গাজীপুরে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের অবদান মুজিববাদরা মুছতে পারবে না। এখানে আন্দোলনে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ছাত্রজনতা। গাজীপুর থেকেও মুজিববাদের কবর রচিত হবে।
এর আগে জুলাই গণঅভ্যুত্থানের মহানায়কদের বরণ করে নিতে গাজীপুরের এনসিসি নেতাকর্মীরা স্লোগান দিতে থাকেন। স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক। কেন্দ্রীয় নেতৃবৃন্দ আসার আগেই মাওনা চৌরাস্তা ফ্লাইওভারের নিচে কানায় কানায় ভরে যায় ছাত্র-জনতার অংশগ্রহণে।
এ সময় তাদের সাথে ছিলেন, এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সংগঠক মেজর (অব) আব্দুল্লাহ আল মাহমুদ, এনসিপি নেতা মেজবাউল হক ও ইমন আহমেদসহ স্থানীয় এনসিপির নেতাকর্মীরা। এরপর তারা গাজীপুর জেলার রাজবাড়ি মাঠে আয়োজিত পদযাত্রায় অংশ নেওয়ার উদ্দেশ্যে রওনা দেন।









