রাজশাহীর বাগমারা উপজেলায় এবার সেই অনাথ ভাইবোনের বাড়ি প্রধানমন্ত্রীর উপহার হিসেবে পাকা করণ হতে যাচ্ছে। যার জমি আছে ঘর নেই প্রকল্পের আওতায় নির্মাণ করা হচ্ছে এই পাকাবাড়ি। তাদের আর কুঁড়েঘরে থাকতে হচ্ছে না। প্রধানমন্ত্রীর উপহার হিসাবে নতুন পাকা বাড়ি পাচ্ছে তারা। সেই বাড়ির নির্মাণ কাজের উদ্বোধন করেছেন বাগমারার ইউএনও। এসময় উপহার পেয়ে খুশি অনাথ ভাইবোন। বৃহস্পতিবার ( ১৮জুন ) দুপুরে গুঁড়ি গুঁিড় বৃষ্টির মধ্যেই গণিপুর ইউনিয়নের বুজরুককোলা গ্রামের অনাথদের বাড়িতে যান ইউএনও। এসময় সঙ্গে ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও একদল নির্মাণ শ্রমিক। তাঁদের আগমনের খবর জানতে পেরে ছুটে আসে অনাথ ভাই-বোন। পরে তাদের জানানো হয় প্রধানমন্ত্রীর উপহারের সুখবর। এর আগে ঈদের সেমাই-লাচ্ছা কিনতে পারেনি তারা। তাই ডাল-ভাতই তাদের ঈদের দিনের খাবার। খাবার নিয়ে তাদের বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশ করা হয়। এরপর বাগমারা আসনের এমপির প্রতিনিধিসহ অনেকে তাদের সহযোগিতার জন্য এগিয়ে আসে। ওইদিনই খাবার নিয়ে অনেকে হাজির হন তাদের বাড়িতে। এছাড়াও সহযোগিতার হাত বাড়িয়ে দেন ও আশ^াস দিয়েছেন অনেকেই। এলাকাবাসি মুত্রে জানাগেছে,উপজেলার গণিপুর বুজরুকোলা গ্রামের আব্দুল আলীর সন্তান রায়হান হোসেন (১৫) ও আরিফা খাতুন (১৩)। বাবা আবদুল আলী সাত বছর আগে মারা যান। এরপর পক্ষাঘাতগ্রস্ত মা রেহেনা বেগমের আদরে স্নেহে ছিল তারা। স্বাভাবিক চলাফেরা করতে পারতেন না রেহেনা বেগম। এরপরও এখান-ওখান থেকে কিছু সংগ্রহ করে সন্তানদের দেখাশোনা করে আসছিলেন তিনি। তবে দেড় বছর আগে তিনিও মারা যান। সে থেকে অনাথ রায়হান হোসেন ও আরিফা খাতুন। জীবনসংগ্রামে নামতে হয় দুই ভাইবোনকে। বাবার রেখে যাওয়া আধা ভাঙা ভ্যানের প্যাডেল কিছুদিন ঘোরালেও তা বেশি দিন পারেনি রায়হান হোসেন। পরে পেশা পরিবর্তন করে শিশু বয়সে অন্যের পানবরজে কাজ শুরু করে। এত কষ্টের মধ্যে দুচোখভরা স্বপ্ন তাদের। লেখাপড়া শিখে প্রতিষ্ঠিত হবে। এ জন্য শত কষ্ট করেও চালিয়ে যাচ্ছে লেখাপড়া। আরিফা খাতুন মচমইল বালিকা উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী এবং রায়হান হোসেন হাটগাঙ্গোপাড়া টেকনিক্যাল স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী। অনাথ আরিফা ও রায়হান আলী তাদের বাবা-মায়ের রেখে যাওয়া কুঁড়ে ঘরেই থাকে। তারা একটি কক্ষের একপাশে ছাগল, মুরগি নিয়ে থাকত। বৃষ্টির পানিও পড়ত ঘরের ভেতরে। তাদের নিয়ে সংবাদ প্রকাশ হলে দ্রুত বাড়ি নির্মাণের উদ্যোগ গ্রহণ করার কথা জানিয়েছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা। অগ্রাধিকার ভিত্তিতে বাড়ি নির্মাণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করেন। এর প্রেক্ষিতে নির্মাণ কাজ শুরু করা হয়। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মাসুদুর রহমান বলেন, যার জমি আছে ঘর নেই প্রকল্পের আওতায় উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে প্রধানমন্ত্রীর উপহার অনাথদের দিতে পেরে ভালো লাগছে। এবিষয়ে ইউএনও শরিফ আহম্মেদ বলেন,অনাথদের বাড়িতে এসে তাদের থাকার ঘর দেখে কান্না চলে এসেছিল। তারা কত কষ্ট করে থাকে তা দেখে উপলব্ধি করেছি। এরপরেই তাদের বাসস্থানের ব্যবস্থা করা হলো। বাড়িটি নির্মাণ হলে আপাতত তারা নিশ্চিন্তে ঘুমাতে পারবে।









