রাজশাহীর বাগমারা উপজেলার গনিপুর ইউনিয়নের দক্ষিণ দৌলতপুর গ্রামে শুক্রবার (২৯মে) বিকেলে পুকুরের পানিতে পড়ে আসসামি নামের চার বছরের শিশুর মৃত্যু হয়েছে। ওই শিশুর পিতার নাম আনোয়ার হোসেন। তার এমন মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। নিহত শিশুর চাচা নজরুল ইসলাম জানান, বাড়ির একটু দুরে চাতরা নামক পুকুর পাড়ে আসসামি (৪) ও সামিউল (৬) নামের দুই শিশু খেলাধুলা করছিল। খেলার এক পর্যায়ে পুকুরের পাড়ে পা দেয় আসসামি। পাড় ঢালু হওয়ার কারনে পা পিছলে পুকুরের পানিতে পড়ে ডুবে যায় শিশুটি। তার পড়ে যাওয়া দেখে অপর শিশু সামিউল দৌড়ে তার মা শাকিলা বেগম কে খবর দেয়। মূহুর্তের মধ্যেই দশ পনের জন মিলে তলিয়ে যাওয়া শিশুকে খোঁজাখুঁজি করতে থাকে। সেখান থেকে উদ্ধার করে উপ জেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুর খবরে শিশুর মা শাকিলা বেগম বারবার মূর্ছা যান। শিশুর অকাল মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে । সন্ধ্যা সাতটায় শিশুর জানাযার নামায অনুষ্ঠিত শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয় বলে চাচা নজরুল ইসলাম জানান ।









