নাশকতার অভিযোগে জামায়াতে ইসলামী বাংলাদেশ বাগেরহাট জেলা শাখার আমির মাওলানা রেজাউল করিম ও সাধারণ সম্পাদক শেখ মুহাম্মদ ইউনূস সহ ৫ নেতাকর্মীকে আটক করেছে বাগেরহাট মডেল থানা পুলিশ ও গোয়েন্দা পুলিশের যৌথ অভিযানিক দল। মামলায় আসামি করা হয়েছে বাগেরহাট জেলা যুবদলের সাধারণ সম্পাদক সুজন মোল্লা, জেলা স্বেচ্ছাসেবক দলের বহিস্কৃত সাধারণ সম্পাদক তানু ভূঁইয়া, পৌর যুবদলের সাধারণ সম্পাদক মুন্না সেখসহ ১৬ জনকে। মামলায় আরো ২৫/৩০ জন অজ্ঞাতনামা আসামি রয়েছে। গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
মামলার বিবরণে জানা যায়, ২৫ মে গভীর রাতে জেলা সদরের কাড়াপাড়া ইউনিয়নের গুজিহাটি এলাকায় শওকাত আলী তরফদারের ছেলে শরিফুল ইসলামের মাছের ঘেরে আসামীগণ নাশকতা ও বিশৃঙ্খলা ঘটাইবার জন্য গোপন বৈঠক করিতেছিল। পুলিশের উপস্থিতি টের পাইয়া আসামীগণ রামদা, ছোরা, বাঁশের লাঠি ও ককটেল লইয়া পুলিশের কাজে বাধা প্রদান, আক্রমণ সহ বল প্রয়োগ করিয়া মুহুর্মুহু ককটেলের বিস্ফোরণ ঘটাইয়া দৌড়ে পালানোর চেষ্টা করে। এসময় রামপাল উপজেলার মৃত আমজাদ আলী ফকিরের ছেলে বাগেরহাট জেলা জামায়াতের আমির মাওঃ রেজাউল করীম, চিতলমারী উপজেলার মৃত আঃ সোবহান শেখের ছেলে জেলা জামায়াতের সাধারণ সম্পাদক শেখ মোঃ ইউনুস, সদর উপজেলার শেখ রুহুল আমিনের ছেলে জামায়াত কর্মী মহাসিন শেখ ও একই এলাকার মৃত জিয়াউল ইসলামের ছেলে সাব্বির ও হুসাইনকে ঘটনাস্থল থেকে আটক করে পুলিশ। ঘটনাস্থল থেকে বেশ কিছু দেশীয় অস্ত্র, ককটেলসহ নাশকতার বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বাগেরহাট জেলা পুলিশের মিডিয়া সেলের প্রধান সমন্বয়কারী পুলিশ পরিদর্শক এস এম আশরাফুল আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, জামায়াতের বেশ কিছু নেতাকর্মী একটি মৎস্য ঘেরে গোপন বৈঠকে মিলিত হয়, পুলিশের উপস্থিতি টের পেয়ে রামদা, ছোরা, বাঁশের লাঠি ও ককটেল নিয়ে পুলিশের কাজে বাধা দেওয়া, আক্রমণসহ বল প্রয়োগ করে ককটেল নিক্ষেপ করে দৌড়ে পালানোর চেষ্টা করে। এ সময় বাগেরহাট মডেল থানা পুলিশ ও গোয়েন্দা পুলিশের অভিযানিক দল যৌথভাবে ৫ জনকে আটক করে।
Please follow and like us:









