বাংলাদেশ সড়ক পরিবহন ফেডারেশনের কার্যকরী সভাপতি শাজাহান খান এমপির বিরুদ্ধে নিরাপদ সড়ক চাই (নিসচা) এর চেয়ারম্যান ও চিত্র নায়ক ইলিয়াস কাঞ্চনের মানহানির মামলা দায়েরের প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ সমাবেশ অনুঠিত হয়েছে। জেলা মোটর শ্রমিক ইউনিয়ন এর আয়োজনে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার বেলা ১১টার দিকে শ্রমিকরা মহনগরীর শিরোইল বাস টার্মিনালের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি মহানগরীর শহীদ এএইচএম কামারুজ্জামান চত্বর প্রদক্ষিণ শেষে আবার বাস টার্মিনালের সামনে এসে সমাবেশে মিলিত হয়। এসময় সভাপতিত্ব করেন জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি জাহাঙ্গীর আলী। এতে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মাহাতাব হোসেন চৌধুরী, জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সিনিয়র সহসভাপতি মুকুল আলী, সহসভাপতি মো. পাখি, যুগ্ম সম্পাদক মো. গাজি, সহসম্পাদক গণেশ, সুলতান হোসেন, সাংগঠনিক সম্পাদক ফেরদৌস আলী প্রমুখ। উল্লেখ্য, গত বছরের ৮ ডিসেম্বর পরিবহন শ্রমিক নেতা শাজাহান খান নিসচার চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন এবং তার পরিবারের সদস্যদের নিয়ে বক্তব্য দেন। এই বক্তব্যের জন্য গত ১২ ফেব্রুয়ারি আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী শাজাহান খানের বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানির মামলা দায়ের করেন চিত্র নায়ক ইলিয়াস কাঞ্চন।









