পুরোপুরি অনলাইন-নির্ভর হওয়ায় রাজশাহীতে সব টিকিট কালোবাজারে যাচ্ছে। ফলে রাজশাহী থেকে ঢাকাসহ বিভিন্ন গন্তব্যে চলাচলকারী ট্রেনগুলোতে কমে গেছে যাত্রী। যাত্রীরা বলছেন, তাদের সবার কাছে স্মার্টফোন নেই। আবার যাদের আছে তারা রেলওয়ের ওয়েবসাইটে ঢুকে নিজেরা টিকিট সংগ্রহ করতে পারছেন না তারা। ফলে বাধ্য হয়ে তারা কালোবাজারিদের কাছ থেকে টিকিট সংগ্রহ করছেন চড়াদামে। আবার অনেকেই টিকিটের কাটার ঝামেলা এড়াতে ট্রেনে ভ্রমণ না করে বিকল্প পথে যাতায়াত করছেন। রাজশাহীতে ট্রেনের টিকিট কালোবাজারিদের বিরুদ্ধে একাধিকবার অভিযান হলেও কালোবাজারি সিন্ডিকেটের দাপট একটুও কমেনি। ভুক্তভোগী ট্রেনযাত্রীরা অভিযোগে বলেন, আগে স্টেশনে গিয়ে কাউন্টারে লাইনে দাঁড়িয়ে তারা টিকিট সংগ্রহ করতেন। কিন্তু ট্রেনের টিকিট সংগ্রহ ব্যবস্থা পুরোপুরি অনলাইন হওয়ায় পশ্চিম রেলওয়ের যাত্রীরা রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, বগুড়া, সান্তাহার, সৈয়দপুর, লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম, দিনাজপুর, ঈশ্বরদী, খুলনা ও যশোর থেকে বিভিন্ন গন্তব্যে চলাচলে এখন পুরোপুরি নির্ভর করছেন কালোবাজারিদের ওপর। রাজশাহীতে অনলাইন টিকিট কালোবাজারিদের রয়েছে একাধিক সিন্ডিকেট। তারা দোকানে সাইনবোর্ড দিয়েই টিকিট বিক্রি করছে। এ বিষয়ে জানতে চাইলে পশ্চিমাঞ্চল রেলওয়ের প্রধান বাণিজ্যিক কর্মকর্তা আহসান উল্লাহ ভূঁইয়া বলেন, অনলাইনে টিকিট সংগ্রহে যাত্রীদের কিছু অসুবিধার কথা তারাও শুনেছেন, কিন্তু কিছু করার নেই। অনলাইনে টিকিট বিক্রির সিদ্ধান্তটি মন্ত্রণালয়ের।#









