লক্ষ্মীপুরের রামগঞ্জে সুবিধাবঞ্চিত, দরিদ্র ও অসহায় মানুষের কল্যাণে আয়োজিত সাত দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে। ‘রামগঞ্জের পথে’ নামের একটি সামাজিক সংগঠনের ব্যানারে আয়োজিত এই ক্যাম্পের মাধ্যমে উপজেলার চার সহস্রাধিক রোগীকে সম্পূর্ণ বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়। আসন্ন রামগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী এবং ফ্রান্স বিএনপির কোষাধ্যক্ষ সাইফুল ইসলামের আর্থিক ও সার্বিক অর্থায়নে এই বৃহৎ মানবিক কর্মসূচির আয়োজন করা হয়।
সংগঠনটির কার্যালয় সূত্রে জানা গেছে, গত কাল রামগঞ্জ পৌরসভার বাঁশঘর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এই ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করা হয়েছিল। টানা সাত দিন ধরে চলা এই ক্যাম্পটিতে প্রতিদিন সকাল থেকে বিকেল পর্যন্ত অভিজ্ঞ চিকিৎসকরা রোগীদের সেবা দেন।
সংগঠনের দায়িত্বশীলরা জানান, এলাকার দরিদ্র ও চিকিৎসাবঞ্চিত মানুষের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছিল। বিনামূল্যে উন্নত চিকিৎসা ও ওষুধ পেয়ে সাইফুল ইসলাম এবং ‘রামগঞ্জের পথে’ সংগঠনের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সেবা নিতে আসা অসহায় রোগীরা।









