ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আম পাড়াকে কেন্দ্র করে এক শিক্ষার্থীকে থাপ্পড় মারার ঘটনায় সহকারী প্রক্টর আরিফুল ইসলামকে তার পদ থেকে অব্যাহতি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
মঙ্গলবার (২৭ এপ্রিল) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মুঃ আতাউর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়। এতে সহকারী প্রক্টরের পদ থেকে তাকে আপাততঃ অব্যাহতি দেয়ার কথা বলা হয়েছে।
এবিষয়ে আতাউর রহমান বলেন, “বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের লেকচারার আরিফুল ইসলামকে সহকারী প্রক্টর পদ থেকে অব্যাহতি দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম। শিক্ষার্থীর লিখিত অভিযোগ ও প্রক্টরদের প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে উপাচার্য স্যার তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছেন।”
প্রসঙ্গত, শুক্রবার (২৩ এপ্রিল) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের গাছ থেকে আম পাড়ায় হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের মার্স্টার্সের এক শিক্ষার্থীকে থাপ্পড় মারেন বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর আরিফুল ইসলাম। এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর লিখিত অভিযোগ করেন। পরে প্রক্টরিয়াল বডির এক মিটিংয়ে ঘটনার উপর ভিত্তি করে প্রতিবেদন তৈরির জন্য তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করে। পরে ওই কমিটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর প্রতিবেদন দাখিল করার পর আজ এ পদক্ষেপ গ্রহণ করা হয়।
Please follow and like us:









