সিরাজগঞ্জ ক্রীড়াঙ্গনের ঐতিহ্যবাহী সংগঠন মাহমুদপুর যুগান্তর সংসদ এর আয়োজনে অনুষ্ঠিত মাহমুদপুর ফুটবল টুর্নামেন্ট ২০২৫ এর ফাইনাল ম্যাচ আজ শুক্রবার (২০ জুন) বিকেল ৪টায় মাহমুদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। দীর্ঘ এক মাসব্যাপী এ আয়োজনে অংশ নেয় মোট ১৬টি দল, যারা চারটি গ্রুপে বিভক্ত হয়ে প্রতিযোগিতায় অংশ নেয়।

টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হয় মাহমুদপুর কাকলী একাদশ বনাম মিরপুর কিংস একাদশ। নির্ধারিত সময়ে খেলা গোলশূন্য ড্র হলে ম্যাচটি গড়ায় টাইব্রেকারে। উত্তেজনাপূর্ণ টাইব্রেকারে ৯-৮ গোলে জয় লাভ করে মাহমুদপুর কাকলী একাদশ। দুই দলের খেলোয়াড়দের মধ্যে জাতীয় ও বিদেশি খেলোয়াড়ের উপস্থিতি খেলার মানে ভিন্নমাত্রা যোগ করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য, সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোঃ সাইদুর রহমান বাচ্চু। তিনি বলেন, খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি তরুণ সমাজকে শৃঙ্খলা, অধ্যবসায় ও শারীরিক সুস্থতায় অনুপ্রাণিত করে। তরুণ প্রজন্মকে খেলাধুলার মাধ্যমে গড়ে তুলতে আমাদের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।

বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক ভিপি মোঃ শামীম খান, যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা ট্রাক ও ট্যাংকলরি মালিক গ্রুপের সভাপতি মুন্সী জাহেদ আলম, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আল-আমিন খান, সাধারণ সম্পাদক মুরাদুজ্জামান মুরাদ, জেলা ছাত্রদলের সভাপতি মোঃ জুনায়েদ হোসেন সবুজ ও সাধারণ সম্পাদক সেরাজুল ইসলাম সিরাজ।
অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন জেলা বিএনপির উপদেষ্টা মোঃ ওমর আলী এবং সার্বিক পরিচালনায় ছিলেন সিরাজগঞ্জ পৌরসভার ১নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ বাবু সেখ।
বৃষ্টির মাঝেও হাজার হাজার দর্শক মাঠে, বাড়ির ছাদে কিংবা গাছে উঠে খেলা উপভোগ করেন। দর্শকদের উপস্থিতি, উৎসাহ ও ক্রীড়াপ্রীতি প্রমাণ করে সিরাজগঞ্জে এখনও তৃণমূল পর্যায়ে ক্রীড়া-সাংস্কৃতিক ঐতিহ্য কতটা জীবন্ত।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এমন আয়োজন আগামী দিনগুলোতেও নিয়মিত করা হবে এবং স্থানীয় ক্রীড়াক্ষেত্রকে আরও এগিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে।









