সাইফুল আলম সুমন,শ্রীপুর(গাজীপুর)প্রতিনিধিঃ
উত্তরার আশকোনা এলাকা থেকে র্যাবের সহায়তায় উদ্ধার হওয়া বিরল প্রজাতির টোকান ও ইকলেকটাস প্যারোট পাখিগুলোর ঠাঁই হলো শ্রীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে । রোববার রাতে সাফারি পার্ক কর্তৃপক্ষের কাছে পাখিগুলো হস্তান্তর করে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের একটি দল। বর্তমানে পার্কের বিশেষ বেষ্টনী তাদের রাখা হয়েছে।
বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিদর্শক অসীম কুমার মল্লিক জানান, গত শনিবার উত্তরার আশকোনা এলাকায় অভিযান চালিয়ে র্যাব-১১’র সহায়তায় বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের একটি দল পাখি তিনটি উদ্ধার করে। এ সময় খন্দকার বুলবুল ইসলাম (৩৪), রফিকুল ইসলাম (৪১),জাহিদুল হাসান (৩২) ও মাসুদুর রহমানকে (২৯) গ্রেফতার করা হয়। এরা আন্তর্জাতিক বন্যপ্রাণী পাচারকারী চক্রের সদস্য বলে জানিয়েছেন র্যাব।
বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, প্যারোট পার্কে থাকলেও টোকান সাফারি পার্কে ছিল না। বর্তমানে পাখি তিনটিকে পার্কে বিশেষ বেষ্টনীতে রাখা হয়েছে।








