ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা সদর দক্ষিণের লালবাগ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে অস্ত্রসহ সন্ত্রাসী সোহেল মিয়াকে আটক করেছে র্যাব। সোহেল চৌদ্দগ্রাম উপজেলার উজিরপুর ইউনিয়নের উজিরপুর ইউনিয়নের পূর্ব কাশিপুর গ্রামের শফিক মিয়ার ছেলে। সোমবার বিকেলে তথ্যটি নিশ্চিত করেছেন র্যাব-১১ সিপিসি-২ কুমিল্লার অধিনায়ক ও উপ-পরিচালক মেজার তালুকদার নাজমুছ সাকিব।
তিনি জানান, র্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে সমাজের বিভিন্ন অপরাধ এর উৎস উদঘাটন, অপরাধীদের গ্রেফতারসহ আইনশৃঙ্খলার সামগ্রিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিভিন্ন অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য র্যাব ফোর্সেস নিয়মিত অভিযান পরিচালনা করে থাকে। র্যাব-১১ এর দায়িত্বপূর্ণ এলাকায় সন্ত্রাসী কর্মকান্ড দমনের লক্ষ্যে র্যাব ফোর্সেস অত্যন্ত পেশাদারিত্বের সাথে জড়িত ব্যক্তিদের গ্রেফতার ও আইনের আওতায় আনার জন্য নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় রোববার রাতে র্যাবের একটি দল সদর দক্ষিণ থানাধীন গোয়ালগাঁও ইউপিস্থ ঢাকা-চট্টগ্রাম পুরাতন সড়ক সংলগ্ন লালবাগ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে চিহ্নিত সন্ত্রাসী মোঃ সোহেল মিয়াকে(২৫) আটক করে। এ সময় তার কাছ থেকে একটি দেশীয় তৈরী ওয়ান শ্যূটার পাইপগান ও দুইটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে জানা যায়, সোহেল মিয়া তার অন্যান্য সহযোগীদের সাথে পরস্পর যোগসাজশে দীর্ঘদিন যাবৎ কুমিল্লা জেলার সদর দক্ষিণ ও চৌদ্দগ্রাম থানা এলাকায় বিভিন্ন ধরণের সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনা করে আসছিল। জব্দকৃত আগ্নেয়াস্ত্র দিয়ে সোহেল সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনা করার উদ্দেশ্যে নিজের দখলে রাখার কথা স্বীকার করেছে বলে দাবি করে র্যাব।









