কুমিল্লার চৌদ্দগ্রামে নিজের পুকুরে জাল দিয়ে মাছ ধরার সময় হামলা চালিয়ে প্রবাসীসহ দুইজনকে গুরুতর আহত করেছে প্রতিপক্ষ। এ ঘটনায় ৫ জনের নাম উল্লেখ করে থানায় একটি অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী প্রবাসী গাজী শাহজালালের স্ত্রী খালেদা বেগম। চৌদ্দগ্রাম পৌর এলাকার চান্দিশকরা গ্রামে শনিবার এ ঘটনা ঘটে। হামলায় অভিযুক্তরা হলো; চান্দিশকরা গাজী বাড়ির গাজী বাবু, গাজী ফারুক, গাজী আবুল বশার, গাজী রিফাত ও গাজী শাহজাহান। পুলিশ গাজী বাবু নামের এক হামলাকারীকে আটক করেছে।
থানায় দায়েরকৃত অভিযোগে খালেদা বেগম উল্লেখ করেন, তার স্বামী গাজী শাহজালালের পারিবারিক বিভিন্ন বিষয় ও সম্পত্তি নিয়ে গাজী বাবু গংয়ের বিরোধ চলে আসছিল। দীর্ঘদিন ধরে গাজী বাবু গং পুকুরের মাছ ধরে নিয়ে যায় এবং পুকুরের পাড়ের গাছপালা কেটে নিয়ে যায়। এ নিয়ে উভয় পক্ষের সামাজিক ও থানায় একাধিক শালিশ বৈঠক হয়। শনিবার সকালে গাজী শাহজালাল ও তার ভাই আবদুস সাত্তার পুকুরে মাছ ধরতে গেলে গাজী বাবু গং দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে হামলা চালায়। হামলায় প্রবাসী গাজী শাহজালাল ও আবদুস সাত্তার গুরুতর আহত হয়। খবর পেয়ে স্থানীয় লোকজন এগিয়ে এসে আহতদের উদ্ধার শেষে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাদেরকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত আশঙ্কাজনক অবস্থায় আহতরা কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় রয়েছে। পুলিশ অভিযান চালিয়ে ঘটনার মূলহোতা গাজী বাবুকে আটক করে থানায় নিয়ে আসে।
আহত শাহজালালের স্ত্রী খালেদা বেগম জানান, ‘বিবাদীদের সাথে আমার স্বামীর পরিবারের দীর্ঘদিন যাবৎ জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিলো। ঘটনার দিন আসামীরা পূর্ব পরিকল্পিতভাবে আমার স্বামীর উপর হামলা চালিয়ে তাকে মারাত্মকভাবে আহত করে। এ সময় আমার ভাশুর আব্দুস সাত্তারও গুরুতর আহত হন। আমি প্রশাসনের কাছে হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি’।
এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা বলেন, ‘দুইপক্ষই থানায় অভিযোগ দায়ের করেছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাবু নামে একজনকে আটক করেছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে ’।









