কুমিল্লার চৌদ্দগ্রামে অজ্ঞাতনামা গাড়ির ধাক্কায় মোটর সাইকেল আরোহী মোঃ বাবর(২৮) নিহত হয়েছেন। তিনি পৌর এলাকার দক্ষিণ ফালগুনকরা গ্রামের আবদুস সালাম ড্রাইভারের একমাত্র পুত্র ও আটগ্রাম বিবির রাস্তার মাথার ব্যবসায়ী। দুর্ঘটনায় একই গ্রামের আবুল কালামের পুত্র শাকিল(২১) আহত হয়েছেন। শনিবার বেলা সাড়ে এগারটায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফালগুনকরা মাজার এলাকায় এ ঘটনা ঘটে। তথ্যটি নিশ্চিত করেছেন নিহতের প্রতিবেশী সাংবাদিক আবু বকর সুজন।
স্থানীয় সূত্রে জানা গেছে, মোটর সাইকেল নিয়ে বাবর ও শাকিল বাড়ি থেকে চৌদ্দগ্রাম বাজারের উদ্দেশ্যে রওয়ানা করে। পথিমধ্যে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফালগুনকরা মাজার এলাকায় অজ্ঞাতনামা গাড়ির ধাক্কায় ঘটনাস্থলে চালক বাবর নিহত ও শাকিল গুরুতর আহত হয়েছেন। স্থানীয় লোকজন আহত শাকিলকে উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়। পরে উন্নত চিকিৎসার জন্য শাকিলকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির এএসআই খোকন জানান, ‘মহাসড়কের ফালগুনকরা এলাকায় সড়ক দুর্ঘটনার খবর শুনে ঘটনাস্থলে গিযে কিছুই পাওয়া যায়নি’।









