ছাগলনাইয়ায় ক্রিকেট খেলাকে কেন্দ্র করে দুই কিশোরের মাঝে কথা কাটাকাটির এক পর্যায়ে এক কিশোরের ব্যাটের আঘাতে আশ্রাফুল হোসেন রাকিব (১৩) নামক অন্য কিশোরের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে ছাগলনাইয়া উপজেলাধীন মহামায়া ইউপির এলনা পাথর এলাকায়। স্থানীয়রা জানায়, রবিবার বিকেলে এলনা পাথর গ্রামের কিশোররা ক্রিকেট খেলার এক পর্যায়ে রিয়াজ উদ্দিন অপু (১৪) আশ্রাফুল হোসেন রাকিবের সাথে কথা কাটাকাটির সময় খেলার ব্যাট দিয়ে মাথায় আঘাত করে। আঘাত প্রাপ্ত রাকিবকে ততক্ষণিক ছাগলনাইয়া সরকারী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার ফেনী সদর হাসপাতালে নিতে বলেন। অবস্থার অবনতি দেখে সদর হাসপাতালের ডাক্তার রাকিবকে দ্রæত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যেতে পরামর্শ দেন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়েগেলে রাত পৌনে ১১ টার সময় ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। নিহত আশ্রাফুল হোসেন রাকিব মহামায়া ইউপির ২ নং ওয়ার্ড এলানা পাথর গ্রামের ওমান প্রবাসী মোঃ নুরুল হক ও বিলকিছ বেগম’র ছেলে। রাকিবকে ব্যাট দিয়ে আঘাতকারী রিয়াজ উদ্দিন অপু একই গ্রামের লোকমান হোসেন’র ছেলে। এ ঘটনা সম্পর্কে মহামায় ইউনিয়নের চেয়ারম্যান গরিবশাহ হোসেন চৌধুরী বাদশা জানান, আমি ঘটনাটি শুনে মর্মাহত হয়েছি। এটি একটি অপ্রত্যাশীত ঘটনা। এ বিষয়ে ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ মোঃ মেজবাহ্ উদ্দিন আহমেদ জানান, ব্যাট দিয়ে আঘাতকারী রিয়াজ উদ্দিন অপুকে ঘটনা সম্পর্কে জিজ্ঞাসাবাদের জন্য রবিবার রাতে ছাগলনাইয়া থানায় আনা হয়। মামলার প্রস্তুতী চলছে বলেও জানান ওসি মোঃ মেজবাহ্ উদ্দিন আহমেদ।









