করোনাভাইরাস পরিস্থিতিতে ছাগলনাইয়া উপজেলার ৫ নং মহামায়া ইউনিয়নের ৩ হাজার কর্মহীন ও মধ্যবিত্ত পরিবারের জন্য পোর্টল্যান্ড গ্রুপের পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন ছাগলনাইয়া উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া তাহের । এ খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মহমায়া ইউপি চেয়ারম্যান ও মহামায়া ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পাদক গরীবশাহ হোসেন বাদশা চৌধুরী। রবিবার (১৯ এপ্রিল) সকাল সাড়ে ১০ টায় রৌশন ফকির দরগাহ মাদ্রাসা ময়দানে মরহুম সোলতান আহমেদ ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় এ খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়।
পোর্টল্যান্ড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব মিজানুর রহমান নিজ ইউনিয়নের করোনা ভাইরাসের প্রভাবে কর্মহীন ও মধ্যবিত্ত মানুষের অবস্থার কথা বিবেচনা করে এ খাদ্য সামগ্রী বিতরনের সিদ্ধান্ত নেন।
এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, মহামায়া ইউপি সদস্য মামুনুল হক পাটোয়ারী, পোর্টল্যান্ড গ্রুপের সিনিয়র অফিসার আব্রাউল হোসেন রিয়াজ, হিসাব রক্ষক নুরুল আলম মজুমদার, রৌশন ফকির মসজিদের খতিব মাওলানা আমির হোসেন চৌধুরী, ঈদগাহ জামে মসজিদের খতিব হাফেজ বেলাল আহমেদ, রৌশন ফকির হাফেজিয়া মাদ্রাসার সুপার আবদুল হক নোমান, মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য নুরুন নবী।
মহমায়া ইউপি চেয়ারম্যান ও মহামায়া ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পাদক গরীবশাহ হোসেন চৌধুরী বাদশা জানান, পোর্টল্যান্ড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব মিজানুর রহমান সবসময়ে অত্র ইউনিয়ন বাসী সহ দেশের অসহায় মানুষের পাশে সবসময়ে সাহায্যে হাত বাড়ান। করোনা ভাইরাসের কারনে সাধারণ মানুষ যখন কর্মহীন হয়ে পড়েছেন এবং মধ্যবিত্ত পরিবারগুলো কারো কাছে লোক লজ্জার ভয়ে কিছু খোঁজতে পারছে না এমন মানুষদের দুঃখের কথা বিবেচনা করে অত্র ইউনিয়নের ৩ হাজার মানুষের জন্য এ খাদ্য সামগ্রী পাঠিয়েছেন আলহাজ্ব মিজানুর রহমান । আমরা ইতিমধ্যে ১ হাজার পরওবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছি। আজকে ২ হাজার খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেছি। আপনারা সকলেই আমাদের জন্য দোয়া করবেন, যাতে এ ভাইরাসটি চলে যায়। আমরা যেন আবারো সুস্থ ও সুন্দর পরিবেশে বসবাস করতে পারি।









