নওগাঁর বদলগাছী থানার নবনিযুক্ত অফিসার ইনচার্জ (ওসি) মো. হাবিবুর রহমানের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভা বর্জন করেছেন বদলগাছী উপজেলা প্রেসক্লাব ও বদলগাছী সাংবাদিক ইউনিয়নের সাংবাদিকরা। মতবিনিময় সভা আয়োজনে বৈষম্য ও স্বজনপ্রীতির অভিযোগ তুলে প্রতিবাদস্বরূপ তাঁরা একযোগে এ সিদ্ধান্ত নেন।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বেলা ১২টার দিকে বদলগাছী থানা প্রাঙ্গণে নবাগত ওসির পরিচিতি ও মতবিনিময় সভা শুরু হয়। সভা শুরুর পর উপস্থিত সাংবাদিকদের পরিচয়পর্ব শেষ হতেই ওসির বৈষম্যমূলক আচরণের প্রতিবাদ জানিয়ে সাংবাদিকরা সভা ত্যাগ করেন।
সভা বর্জনকালে উপস্থিত ছিলেন বদলগাছী উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক সরেজমিনের প্রতিনিধি মো. ফেরদৌস হোসেন, দৈনিক ইনকিলাবের প্রতিনিধি মো. এনামুল কবির এনাম, সাধারণ সম্পাদক ও দৈনিক ‘মুক্ত খবর’ প্রতিনিধি মো. শহীদুল ইসলাম, দৈনিক আমাদের সময়ের প্রতিনিধি মো. ফারুক হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক সোনালী কণ্ঠের প্রতিনিধি মুজাহিদ হোসেন, অর্থ সম্পাদক ও দৈনিক গণমুক্তির প্রতিনিধি মো. ফিরোজ হোসেন, দৈনিক স্বাধীন সময়ের প্রতিনিধি মো. রবিউল ইসলাম, দৈনিক স্বাধীন দেশের প্রতিনিধি মো. আবু রাইহান লিটন, দৈনিক মানবাধিকার প্রতিদিনের প্রতিনিধি মো. রুহুল আমিন, দৈনিক অভয়নগরের প্রতিনিধি মো. রফিকুল ইসলাম হিমু এবং দৈনিক বাংলাদেশ সমাচারের প্রতিনিধি ফজলে রাব্বি।
এছাড়া বদলগাছী সাংবাদিক ইউনিয়নের পক্ষে উপস্থিত ছিলেন সভাপতি ও বাংলা টিভির প্রতিনিধি মো. আশরাফুল নয়ন, সাধারণ সম্পাদক ও দৈনিক বাংলাদেশের আলোর প্রতিনিধি এবিএস রতন, যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক জনবাণীর প্রতিনিধি মো. রকি হোসেন এবং দৈনিক মুক্ত সকালের প্রতিনিধি মো. জাহাঙ্গীর আলমসহ উপজেলার অন্যান্য সাংবাদিকগণ। এসময় থানার অন্যান্য স্টাফগণ উপস্থিত ছিলেন।
সংবাদকর্মীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, পেশাগত কাজের ক্ষেত্রে স্থানীয় সাংবাদিকদের মাঝে একটি বৈষম্যমূলক পরিবেশ তৈরির চেষ্টা করা হয়েছে, যা অত্যন্ত দুঃখজনক। এর আগে বদলগাছী থানায় দায়িত্ব পালনকারী কোনো কর্মকর্তা কিংবা জেলার পুলিশ সুপার (এসপি) মহোদয়ও কখনও সাংবাদিকদের মাঝে এমন বিভাজন বা বৈষম্য সৃষ্টি করেননি। ইতিপূর্বে সব সাংবাদিককে এক প্ল্যাটফর্মে রেখে উন্মুক্ত মতবিনিময় করা হতো। কিন্তু নবাগত ওসি মো. হাবিবুর রহমানের এই পক্ষপাতমূলক আচরণের প্রতিবাদেই সাংবাদিক সমাজ বাধ্য হয়ে এ সভা বয়কট করেছে।
এ বিষয়ে বদলগাছী থানার নবাগত ওসি মো. হাবিবুর রহমান বলেন, গতকাল সাংবাদিকদের একটি দল নিয়ে মতবিনিময় সভা করা হয়েছিল। আজকে আরেকটি দল নিয়ে মতবিনিময় সভা চলাকালে তাঁরা অসন্তোষ প্রকাশ করেন এবং মতবিনিময় সভা বর্জন করেন। যা অনাকাঙ্ক্ষিত।
এ ঘটনায় স্থানীয় কর্মরত সাংবাদিকদের মধ্যে তীব্র অসন্তোষ বিরাজ করছে।
Please follow and like us:









