ঢাকায় বিএনপির ২৮ অক্টোবরের মহাসমাবেশকে কেন্দ্র করে দিনাজপুরের ফুলবাড়ীতে বিএনপি ও দলটির অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের বাড়ি বাড়ি তল্লাশি চালাচ্ছে পুলিশ। বুধবার (২৪ অক্টোবর) রাত থেকে চলা এই অভিযানে এপর্যন্তু ২ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটক বিএনপি নেতা হলেন সুজাপুর গ্রামের মৃত মোজাহার আলীর ছেলে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জুলফিকার আলী (৫০) ও পূর্ব বাজিতপুর গ্রামের সাবেক ইউপি সদস্য মৃত শফিকুল ইসলাম মুকুলের ছেলে শিবনগর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক সাবেক ইউপি সদস্য সাজেদুর রহমান সাজু (৩৮)
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মোস্তাক আহমেদ চৌধুরী খোকন বলেন আটক উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জুলফিকার আলী পেশায় একজন শিক্ষক ও যুবদলের নেতা সাজেদুর রহমান একজন সাবেক ইউপি সদস্য, তাদের কারো নামেই কোন মামলা নাই। তিনি বলেন বুধবার গভীর রাত থেকে বৃহস্পতিবার ভোর রাত পর্যন্ত উপজেলায় বিভিন্ন নেতা-কর্মির বাড়ীতে পুলিশ অভিযান চালায়। তিনি অভিযোগ করে বলেন কোন ওয়ারেন্ট ছাড়াই উপজেলা যুবদলের সদস্য সচিব মাহাবুব আলম মিলন,যুগ্ম আহবায়ক জাকিউর রহমান চঞ্চল, শিবলি সাদিক, যুবনেতা আব্দুর রহমান, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আনোয়ারুলের বাড়ীতে অভিযান চালায়, অথচ তাদের নামে কোন মামলা নাই বলে দাবী করেন তিনি।
বিএনপি নেতাকর্মীদের আটকের বিষয়ে জানতে চাইলে ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোস্তাফিজুর রহমান জানান, কোন রাজনৈতিক উদ্দেশ্যে নয়, সুনিদ্দিষ্ট অভিযোগে এ অভিযান চলছে। পাশ্ববর্তী বিরামপুর থানার নাশকতার মামলায় দুজনকে আটক করা হয়েছে । বিরামপুর থানার ওসি সুব্রত কুমার বলেন বিরামপুর থানার একটি নাশকতার মামলায় তাদের বিরুদ্ধে অভিযোগ পাওয়ায় আটক করা হয়েছে।
এদিকে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের বাড়িতে বাড়িতে তল্লাশি চালিয়ে হয়রানির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপির সাবেক সাংসদ এজেডএম রেজওয়ানুল হক এবং সাবেক বিএনপি নেতা অধ্যক্ষ খুরশিদ আলম মতি।
সাবেক সাংসদ রেজওয়ানুল হক বলেন, হঠাৎ করেই ফুলবাড়ী-পার্বতীপুর উপজেলার অধিকাংশ নেতাকর্মীদের বাড়ি বাড়ি পুলিশ বুধবার রাত থেকে তল্লাশি শুরু করেছে। সেইসাথে বাড়ির বৃদ্ধ ও নারী সদস্যদের নানাভাবে ভয়ভীতি দেখাচ্ছে পুলিশ। তিনি বলেন,হঠাৎ করে পুলিশের এমন তৎপরতা শুরু হয়েছে মূলত ঢাকার মহাসমাবেশকে কেন্দ্র করে। তবে এ সরকার যত ষড়যন্ত্রই করুক না কেন,২৮তারিখের মহাসমাবেশ সফল হবে এবং এই ফ্যাসিস্ট সরকারের পতন হবেই হবে।









