ঢাকার দোহার উপজেলার খালপাড় বৌ-বাজার এলাকা থেকে আলী হোসেন (৬৯) নামে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। নিহত ব্যক্তি উপজেলার রাইপাড়া গ্রামের কিয়ামউদ্দিনের ছেলে।
নিহতের স্ত্রী লুৎফা সুলতানা জানান, তিনি ও তার স্বামী প্রতিদিনের মতো গত রাতেও একসাথে খাবার খেয়ে ঘুমিয়ে ছিলেন। ভোর রাতে ফজরের নামাজ পড়ার জন্য ওঠলে তার স্বামী আলী হোসেনকে তিনি দোতলায় উঠার সিড়ির রেলিং-এ গলায় রশি দিয়ে পেঁচানো অবস্থায় ঝুলতে দেখতে পান। এসময় তার চিৎকারে পরিবারের অন্যান্য লোকজন উঠে এসে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
এবিষয়ে দোহার থানার এসআই মো. রবিউল ইসলাম বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসি। লাশ ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে প্রেরণ হবে।









