কুমিল্লার নাঙ্গলকোটে পুকুর সেচে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে বাহরাইন ফেরত যুবক সাইফুল ইসলাম (৩৫) মারা গেছেন। বৃহস্পতিবার সকাল পৌনে ৭টার দিকে উপজেলার রায়কোট উত্তর ইউনিয়নের লক্ষীপদুয়া পশ্চিমপাড়ায় মোটরচালিত সেচ পাম্পে বৈদ্যুতিক লাইন দেয়ার সময় ঘটনাটি ঘটে। সাইফুল ওই গ্রামের ছায়েদুর রহমানের ছেলে। তার দুই ছেলে ও এক মেয়ে রয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, লক্ষীপদুয়া মিয়াজীবাড়ির আবদুল বারিকের পুকুর থেকে মাছ ধরার জন্য বিদ্যুতের মেইন লাইন থেকে মোটরচালিত সেচপাম্পে সংযোগ দিয়ে গত বুধবার রাত থেকে পুকুর সেচ করে আসছেন। বৃহস্পতিবার সকালে সাইফুল ইসলাম সেচপাম্পের পাশ দিয়ে যাওয়ার সময় অসাবধানতাবশত তারে পা লেগে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এসময় গুরুতর আহত অবস্থায় নাঙ্গলকোটের একটি প্রাইভেট হাসপাতালে নেয়া হলে কর্তৃব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে নাঙ্গলকোট থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।









