গাজীপুরের শ্রীপুরে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় মোরশাদ(৬) নামের এক শিশু নিহত হয়েছে । মঙ্গলবার দুপুরে উপজেলার বরমী ইউনিয়নের বরকুল গ্রামের মান্দাইভিটা এলাকায় এ ঘটনা ঘটে ।
নিহত শিশু ঐ এলাকার আমির হোসেনের ছেলে। সে বরমী বাজারের আল-মদিনা কিন্ডার গার্টেনের প্লে শ্রেণীর শিক্ষার্থী ছিল।
স্থানীয় জাকারিয়া ও মাসুদ রানা জানান, স্কুল থেকে ফেরার পথে সড়কের পাশে বাড়ি হওয়ায় দুপুরে মোরশাদ মায়ের হাত ধরে রাস্তার পাশেই দাঁড়িয়ে ছিল, রাস্তার অপর পাশে শিশুটির বাবা দাঁড়িয়ে থাকায় শিশুটি হঠাৎ দৌড় দিয়ে বাবার কাছে যাওয়ার সময় দ্রুত গতির একটি অটোরিকশা মোরশাদকে সজোরে ধাক্কা দেয়। সাথে সাথে শিশুটি ছিটকে রাস্তার পাশে পড়ে মাথায় গুরুতর আঘাত পায়। তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথেই শিশুটির মৃত্যু হয়।
শ্রীপুর থানার উপ-পরিদর্শক সুমন মিয়া জানান, শিশুটির পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয় ।









