সাইফুল আলম সুমন, গাজীপুর প্রতিনিধি:-গাজীপুরে শ্রীপুরে একটি আঞ্চলিক রাস্তা পারাপারের সময় ব্যাটারীচালিত
অটোরিক্সার চাকায় পিষ্ট হয়ে শিশু জুনায়েদ আহমেদ আবির (৭) মৃত্যু হয়েছে। শুক্রবার রাত আটটার দিকে তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জুনায়েদ তেলিহাটি ইউনিয়নের মুলাইদ গ্রামের মকবুল হোসেনের
বাড়ির ভাড়াটিয়া এবং মুলাইদ মডেল একাডেমীর প্লে শ্রেণীর ছাত্র। সে শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার বনগাঁও গ্রামের আল আমিন হোসেনের ছেলে। নিহতের বাবা মুলাইদ এলাকার ছামিটেক্স গার্মেন্টস লিমিটেডের শ্রমিক।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী জানান, ঘটনার রাতে টেপিরবাড়ী এলাকায় লালন উৎসব চলছিল। রাতে বাড়ি ফেরার পথে মাওনা-টেপিরবাড়ী সড়ক পারাপারের সময় ব্যাটারি চালিত অটোরিক্সা চাপা দিলে সে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে মাওনা চৌরাস্তা আল হেরা হাসপাতালে নেয়ার পর প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ
হাসপাতালে রেফার্ড করা হয়। সেখানে নেয়ার পথে শিশু আবির মারা যায়। অটোসহ চালক পালিয়ে গেছে। এ ঘটনায় কোনো মামলা হয়নি।
কোনো অভিযোগ না থাকায় আবেদনের ভিত্তিতে বিনা ময়না তদন্তে স্বজনদের কাছে নিহত শিশুর মরদেহ হস্তান্তর করা হয়েছে।









