বিয়ের প্রস্তাব প্রত্যাখান করায় কলেজ থেকে ফেরার পথে বখাটের ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছে উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের এক শিক্ষার্থী। বৃহস্পতিবার (১০ই মার্চ) দুপুরে গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নে বালুঘাট এলাকায় এ ঘটনা ঘটে। আহত শিক্ষার্থীকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
অভিযুক্ত মামুন (২৬) বরমী ইউনিয়নের মাইজপাড়া গ্রামের আজগর আলীর ছেলে। আহত ছাত্রী মারজিয়া (১৮) একই ইউনিয়নের বরমী বেপারী পাড়া বালুঘাট এলাকার মাসুদ মিয়ার মেয়ে। সে বরমী ডিগ্রী করেজের ছাত্রী।
আহত ছাত্রী মারজিয়া সাংবাদিকদের জানান, কলেজে যাওয়া আসার সময় রাস্তায় তাকে উক্ত্যক্ত করতো মামুন। মাস খানেক আগে বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠালে তার বাবা তা প্রত্যাখান করেন। সেই ক্ষোভে বৃহস্পতিবার দুপুরে কলেজ ছুটির পর বাড়ি ফেরার সময় হঠাৎ গতিরোধ করে। এ সময় তার হাতে,পেটে ও বুকে ছুরিকাঘাত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।
শ্রীপুর থানার ওসি (তদন্ত) মাহফুজ ইমতিয়াজ ভুইয়া বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে ছাত্রীর পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে ।









