গাজীপুরের শ্রীপুরে পিকনিকের বাসে বৈদ্যুতিক তারের স্পর্শে তিন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত হয়েছে। এঘটনায় আরো তিনজন শিক্ষার্থী আহত হয়েছে। শনিবার (২৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার তেলিহাটি ইউনিয়নের উদয়খালী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, শিক্ষার্থী, পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান,শনিবার (২৩ নভেম্বর) সকালে গাজীপুর মহানগরের বোর্ড বাজার এলাকার ইসলামিক ইউনির্ভাসিটি অফ টেকনোলজি বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ও আইটি ডিপার্টমেন্টের প্রায় ৪৬০ জন শিক্ষার্থী বিআরটিসি’র ডাবল ডেকার বাসে করে উপজেলার তেলিহাটি ইউনিয়নের উত্তর পেলাইদ গ্রামের মাটির মায়া ইকো রিসোর্টের উদ্দেশ্যে রওনা দেন। এতে বিআরটিসি’র ডাবল ডেকারের ৬টি, তিনটি মাইক্রোবাস নিয়ে আসেন শিক্ষার্থীরা। শ্রীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামীণ আঞ্চলিক সড়ক ধরে রিসোর্টের উদ্দেশ্যে উত্তর পেলাইদ গ্রামে যেতে থাকে। বাসগুলো গ্রামীণ সড়কের নির্দিষ্ট গন্তব্যের প্রায় দুই কিলোমিটার আগে উদয়খালী বাজার পৌঁচ্ছলে বিআরটিসি’র ডাবল ডেকার বাসটি সড়কের উপর ১১হাজার ভোল্টে তারের সাথে গাড়ির উপরের অংশে স্পর্শ হয়। এদের মধ্যে কয়েকজন বিদ্যুৎপৃষ্ট হয়ে আহত হন। তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক জাকিউল ইসলাম বলেন, নিহত মোজাম্মেল হোসেন নাঈম (২৪), মোস্তাকিম রহমান মাহিন (২২) ও জোবায়ের আলম সাকিব (২২) কে মৃত অবস্থায় হাসপাতালের জরুরী বিভাগে আনা হয়েছিল। আহত কাবিদুল নামের একজনের চিকিৎসা চলছে।
এঘটনায় গাজীপুর জেলা প্রশাসন ও বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে পৃথক তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গাজীপুরের জেলা প্রশাসক নাফিসা আরেফীন তদন্ত বিষয়টি নিশ্চিত করে জানান, বাসে বিদ্যুতায়িত হয়ে তিন শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে ৪ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গঠিত তদন্ত কমিটিতে পুলিশ, পল্লী বিদ্যুতের কর্মকর্তাদেরও রাখা হয়েছে বলে জানা গেছে। অপরদিকে, গাজীপুরে ইসলামিক ইউনির্ভাসিটি অফ টেকনোলজী (আইইউটি) এর পিকনিক বাসে বিদ্যুৎপৃষ্ট হয়ে তিন শিক্ষার্থী মৃত্যু ও হতাহতের ঘটনায় প্রো-ভিসি রাকিবুল ইসলামকে প্রধান করে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকেও পাঁচ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এছাড়াও বিভিন্ন ডিপার্টমেন্টের ডিনদেরও এ তদন্ত কমিটিতে রাখা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রোভিসি রাকিবুল ইসলাম বলেন, প্রাথমিক ভাবে মনে হচ্ছে এটা একটি দুর্ঘটনা। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আমাকে প্রধান করে ৫সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে বিভিন্ন ডিপার্টমেন্টের ডিনদেরও রাখা হয়েছে।
পিকনিকে আসা শিক্ষার্থী ও স্থানীয়রা বিশ্ববিদ্যালয়, রিসোর্ট কর্তৃপক্ষ ও পল্লীবিদ্যুত কর্তৃপক্ষের অবহেলার কথা জানিয়েছেন। পিকনিকে আসা শিক্ষার্থীরা নাম প্রকাশ না করার শর্তে জানান, খুব সকালে ঘুম থেকে উঠে পিকনিকে যাওয়ার জন্য রওনা দিয়েছেন। গাজীপুর মহানগরের বোর্ড বাজার এলাকার ইসলামিক ইউনিভাসিটি অফ টেকনোলজি বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ও আইটি বিভাগের মোট ৪৬০ জন শিক্ষার্থী ২ হাজার ২০০ টাকা চাঁদায় পিকনিকের আয়োজন করেন। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে গ্রামীণ আঞ্চলিক এক লেনে সরু সড়কে, যেখানে মিনিবাস চলাই কঠিন কি করে বিআরটিসি’র ডাবল ডেকার বাস প্রবেশ করানো হলো? পিকনিক স্পট বুক করার আগে আঞ্চলিক এক লেন সরু সড়কে ডাবল ডেকার বাস প্রবেশ করবে কিনা সেটা আগে থেকেই জানা দরকার ছিল। কিন্তু তারা এসব বিষয় চিন্তাতেই আনেননি। রিসোর্ট কর্তৃপক্ষও বিষয়টি বিশ্ববিদ্যালয়ের পিকনিক আয়োজন কর্তৃপক্ষকে জানাননি। এঘটনার দায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও রিসোর্ট কর্তৃপক্ষ এড়াতে পারেন না।
এদিকে স্থানীয়রা জানান, পল্লী বিদ্যুৎ এর তারটি দীর্ঘদিন ঝুলে ছিল। আমরা খুব ঝুঁঁকির মধ্যে ছিলাম। আজ পল্লী বিদ্যুৎ যদি তারটি খোলা না রেখে কভার তার ব্যবহার করতো তাহলে এতবড় দুর্ঘটনা ঘটতো না। উপজেলার এক গ্রামীণ পরিবেশে মাটির মায়া রিসোর্টটির অবস্থান। রিসোর্টির বিরুদ্ধে স্থানীয়দের অভিযোগের শেষ নেই।
স্থানীয় আমিনুল ইসলাম বলেন, দিনের পাশাপাশি রাতেও রিসোর্টটিতে উচ্চ শব্দে চলতো গানবাজনা। আমরা গানবাজনার শব্দে অতিষ্ঠ। এছাড়াও অসামাজিক কার্যকলাপের অভিযোগও রয়েছে রিসোর্টির বিরুদ্ধে।
এবিষয়ে জানতে রিসোর্টটির ব্যবস্থাপক মাসুদের ব্যক্তিগত মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে তিনি মোবাইল রিসিভ না করায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি। এদিকে শ্রীপুর থানার ওসি মোহাম্মদ জয়নাল আবেদীন মন্ডল বলেন, এঘটনায় সন্ধ্যা পর্যন্ত কেউ কোন অভিযোগ দায়ের করেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।








