মহামারী নভেল করোনাভাইরাসের বিস্তৃতি ঠেকাতে দিনাজপুরের ফুলবাড়ীতে সামাজিক দুরত্ব বজায় ও দোকান পাট বন্ধের ঘোষণাসহ জনসমাগম না করার আহবান জানিয়েছেন উপজেলা প্রশাসন। একই সাথে সাপ্তাহিক হাট-বাজারও বন্ধ করে দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার ফুলবাড়ী পৌর শহর ঘুরে দেখা যায় করোনা বিস্তৃতি রোধে সতর্কতা জারির অংশ হিসেবে দোকানপাট বন্ধ রয়েছে । তবে নিত্য প্রয়োজনীয় পণ্যের বেচা-কেনা যেমন ঔষধের দোকান, খাবারের দোকান, কাচাঁবাজার, মুদিখানা খোলা রয়েছে জনসমাগম এড়িয়ে সীমিত আকারে চলছে এসব দোকান পাট। সীমিত জনসমাগম ও নিরাপদ দুরত্ব বজায় রাখার বিষয়টি নিশ্চিত করতে উপজেলা নির্বাহী অফিসার আব্দুস সালাম চৌধুরীর নেতৃত্বে ফুলবাড়ী থানার অফিসার্স ইনচার্জসহ প্রশাসনের রাস্তায় টহল অভিযান অব্যাহত রয়েছে। জনসমাগম এড়িয়ে মানুষকে ঘরে ফিরে যেতে বার বার অনুরোধ করছে প্রশাসন। দিনাজপুর জেলা প্রশাসনের নির্দেশনায় উপজেলার বিভিন্ন এলাকায় মাইকিং ও গণবিজ্ঞপ্তির মাধ্যমে এই নির্দেশ জারি করেছে উপজেলা প্রশাসন। দেশে করোনাভাইরাসের মোকাবেলায় সরকার ইতোমধ্যে ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করেছে। এর প্রেক্ষিতে দিনাজপুর জেলা প্রশাসক জনসাধারণকে ২৬ মার্চ সকাল ৬ টা থেকে অতিজরুরী কাজ যেমন- খাদ্য,ঔষধ ক্রয়, চিকিৎসাসেবা ছাড়া কোনো ভাবেই বাড়ীর বাইরে বের না হতে গণবিজ্ঞপ্তি জারি করেছে।
উপজেলা পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা হাসানুল হোসেন জানিয়েছেন, মহামারী করোনাভাইরাস ঠেকাতে চিকিৎসক ও নার্সদের পিপিই (ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম) উপজেলা পরিষদ এর পক্ষ থেকে সীমিত আকারে দেয়া হয়েছে যা পর্যাপ্ত নয়। তবে এখন পর্যন্তু সরকারীভাবে চিকিৎসক ও নার্সদের জন্য কোন পিপিই তারা পাননি। সেইসাথে করোনাভাইরাস রোগ শনাক্তের যে কিটের প্রয়োজন সেগুলোও নেই হাসপাতালে । সর্বশেষ গত বুধবার পর্যন্তু ৬৫জন হোম কোরারেন্টাইনে থাকার বিষয়টি তিনি নিশ্চিত করেছেন।
ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার আব্দুস সালাম চৌধুরী জানান,করোনা মহামারী মোকাবেলায় সংক্রমণ ঠেকাতে উপজেলার সকল দোকানপাট বন্ধ করে দেওয়া হয়েছে। হোটেল রেস্তোরাঁয় বসে খাবার খাওয়া যাবে না। তবে খাবার প্যাকেট করে বাড়িতে নিয়ে যাওয়া যাবে। টি স্টল বন্ধ থাকবে। এমনকি এসব স্থানে টিভি রাখা যাবে না। সাপ্তাহিক হাট ও পশুর হাটগুলো বন্ধ থাকবে। তবে জনসমাগম পরিহার করে ওষুধ ও নিত্য প্রয়োজনীয় দ্রব্য ক্রয় বিক্রয় করা যাবে। নির্দেশনা না মানলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে বলেও জানিয়েছেন প্রশাসন।









