দিনাজপুর জেলা মটর পরিবহন শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং-১১৬৭) এর আওতাধীন বিরামপুর স্ট্যান্ড কমিটির পক্ষ থেকে শ্রমিক ইউনিয়নের সদস্যভুক্ত বিরামপুর উপজেলার ৩২২ জন কর্র্মহীন পরিবহন শ্রমিকের পরিবারে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। বিরামপুর রেলস্টেশন রোডস্থ অস্থায়ী কার্যালয়ে সোমবার (৬ মার্চ) এ খাদ্য সহায়তা প্রদান করা হয়। এসব খাদ্যসামগ্রীর প্যাকেটের মধ্যে ছিল চাল, ডাল, আটা-ময়দা, আলু, তেল, লবণ, পেঁয়াজ, কাঁচা মরিচ, বেগুন ও সাবান।
এসময় উপস্থিত ছিলেন, বিরামপুর স্ট্যান্ড কমিটির সভাপতি এমদাদুল হক, সাংগঠনিক সম্পাদক মুকুল সরকার, সহ-সাংগঠনিক সম্পাদক মোসফিকুর রহমান, দপ্তর সম্পাদক আনোয়ার হোসেন, প্রচার সম্পাদক আব্দুল করিম মন্ডল, কার্যকরী সদস্য আলী হোসেন, শ্রমিক নেতা তোতা মিয়া, সুমন আহমেদ প্রমূখ।
সাংগঠনিক সম্পাদক মুকুল সরকার জানান, দিনাজপুর জেলা মটর পরিবহন শ্রমিক ইউনিয়নের শ্রদ্ধেয় সাধারণ সম্পাদক ফজলে রাব্বীর নির্দেশে দেশে চলমান করোনা ভাইরাসের পরিস্থিতিতে গণপরিবহন বন্ধ থাকায় বেকার ও কর্মহীন পরিবহন শ্রমিক ভাইদের মাঝে এই খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। যাতে কর্মহীন শ্রমিকের পরিবারের সদস্যদের অনাহারে থাকতে না হয়। তিনি আরো জানান, যতদিন দেশের পরিস্থিতি স্বাভাবিক না হবে ততদিন এই কার্যক্রম অব্যাহত থাকবে।









