নাজিম হাসান,রাজশাহী প্রতিনিধি:
দশের চলমান করোনা ভাইরাস সংকট মোকাবেলায় বিভিন্ন বিষয় নিয়ে রাজশাহীর বাগমারায় কর্মরত গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় সভা করেছেন বাগমারা আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক। বুধবার বেলা ১১ টায় উপজেলা আ’লীগের দলীয় কার্যালয় বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর কমপ্লেক্সের সালেহা ইমারত মিলনায়তনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।সাংবাদিকদের উদ্দেশ্যে এমপি এনামুল হক বলেন, করোনাকালীন সময়ে সরকার, রাজনৈতিক নেতাকর্মীর পাশাপাশি, চিকিৎসক, প্রশাসন, আইন শৃংখলা বাহিনী এবং গণমাধ্যম কর্মীদের ভূমিকা অপরিসীম। এই মহামারি দুর্যোগ করো একার পক্ষে মোকাবেলা করা সম্ভব নয়। সকলের সম্মিলিত প্রয়াসই এই সংকট সমাধানের মূল ভিত্তি। করোনাকে পুঁজি করে কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান স্বার্থ হাসিল করতে না পারে সে বিষয়ে গণমাধ্যম কর্মীদের সজাগ দৃষ্টি রাখতে হবে। তিনি আরো বলেন, বাগমারা উপজেলায় কোন ব্যক্তি যেন খাদ্য সংকটে না থাকে সে লক্ষ্যে আমার ব্যক্তিগত উদ্যোগে একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে। সরকারের পাশাপাশি সেখান থেকেও খাদ্য সহায়তা প্রদান করা হচ্ছে। দেশের চলমান করোনা সংকট কালে প্রতিটি ব্যক্তিকে মানবিকতার পরিচয় নিয়ে এগিয়ে আসতে হবে। সাংবাদিকরা জাতির বিবেক। মনগড়া কোন তথ্য দিয়ে সংবাদ যেন প্রকাশ করা না হয় সেদিকে দৃষ্টি দেয়ারও কথা বলেন তিনি। এছাড়া করোনা সংকট মোকাবেলায় সরকারের নির্দেশনা মেনে চলা এবং যার যার অবস্থান থেকে দেশ ও দশের কল্যাণে এগিয়ে আসার জন্য স্থানীয় সাংবাদিকদের প্রতি আহ্বান জানান তিনি। এ সময় বাগমারার সকল কর্মরত গণমাধ্যম কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।#









