কুষ্টিয়া শহরে নয় মাসের এক অন্তঃসত্ত্বা ভাড়াটিয়াকে পুড়িয়ে হত্যার চেষ্টার অভিযোগে বাড়ির মালিকের ছেলে রোকনুজ্জামান রনি (৩৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। বুধবার সকালে কুষ্টিয়া শহরের কমলাপুর এলাকায় এ ঘটনা ঘটে।
আটককৃত রনি ওই এলাকার বজলুল হকের ছেলে।
জানা যায়, শহরের কমলাপুর এলাকার বজলুল হকের বাড়িতে ভাড়া থাকত মিরপুর উপজেলার বহলবাড়ীয়া এলাকার মেহেদী হাসানের স্ত্রী জুলেখা (৩৫) নামে ওই নারী। সকালে বাড়ির মালিকের বড় ছেলে রনি পূর্বশত্রুতার জের ধরে ভাড়টিয়া জুলেখার শরীরে পেট্রোল ছিটিয়ে আগুন ধরিয়ে দেয়।
এসময় জুলেখার চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল ভর্তি করে।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মস্তফা জানান, মহিলার শরীরের ৮০ শতাংশ পুড়ে গেছে। উন্নত চিকিৎসার জন্য ওই মহিলাকে ঢাকা বার্ন ইউনিটে পাঠানো হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।









