ফেনীর সোনাগাজী উপজেলায় ব্যাডমিন্টন মাঠে অবৈধ বিদ্যুৎ সংযোগ ঠেকাতে স্বৈরাচারী সিদ্ধান্ত নিয়েছে উপজেলা পল্লীবিদ্যৎ জোনাল অফিস। নতুন সিদ্ধন্ত মতে, যে ট্রান্সফরমারের আওতায় অবৈধ সংযোগ দিয়ে ব্যাডমিন্টন খেলা চলবে সে ট্রান্সফরমারের বিদ্যুৎ বন্ধ করে দেয়া হবে। মঙ্গবার (২২ ডিসেম্বর) উপজেলার আমিরাবাদ ইউনিয়নের সফরপুর গ্রামে দীর্ঘ ২০ঘণ্টা বিদ্যুৎ সরবাহ বন্ধ করে রাখায় পুরো এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে মঙ্গবার সন্ধ্যা ৭টা থেকে পরেরদিন বুধবার বিকেল ৩টা পর্যন্ত নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ বন্ধ করে রাখা হয়েছে। এতে রাতে গ্রামে তিন বাড়িতে চুরির ঘটনা ঘটেছে, অনলাইন ক্লাস থেকে বঞ্চিত হয়েছে শিক্ষার্থীরা, এলাকার পৌনের মুরগির খামারি ভোগান্তির শিকার হয়েছে। ভুক্তভোগী গ্রাহকদের অভিযোগ সোনাগাজী পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ গ্রাহক সেবাকে গুরুত্ব না দিয়ে স্বৈরাচারী সিদ্বান্তকে বেশি প্রাধান্য দিচ্ছেন।
এব্যাপারে সোনাগাজী পল্লীবিদ্যুৎ সমিতির জিএম জানান, এটি আমাদের নতুন নিয়ম। অবৈধ সংযোগ নিয়ন্ত্রণের জন্য এই নতুন নিয়ম করেছি এবং এখন থেকে এই নিয়মই কার্যকর থাকবে।
উপজেলা চেয়ারম্যান জহির উদ্দিন মাহমুদ লিপটন জানান, ব্যাডমিন্টন খেলবে ৭থেকে ৮জন। কষ্ট করবে পুরো এলাকাবাসী। এটি আবার পল্লী বিদ্যুৎ এর কেমন নিয়ম। সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা অজিত দেব বলেন, এটি কোন নিয়ম হতে পারে না। অবৈধ সংযোগের জন্য পুরো এলাকাবাসী কেনো কষ্ট করবে। বিষয়টি খতিয়ে দেখছি।
এই বিষয়ে ফেনী পল্লীবিদ্যুৎ সমিতির জিএম বলেন, বিদ্যুৎ সংযোগ বন্ধে যেসব এলাকাবাসী ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে সোনাগাজী পল্লীবিদ্যুৎ অফিসে পাঠান। ক্ষতিগ্রস্তদের অভিযোগে খতিয়ে দেখা হবে।









