বরিশালের গৌরনদী পৌরসভা নির্বাচনকে ঘিরে ব্যাপক কৌতুহল সৃষ্টি হয়েছে। ৩ষ্ঠ পৌরপিতা নির্বাচনে ভোটররাও অধির আগ্রহে অপেক্ষার প্রহর গুনছেন। তবে পৌরসভার পরিকল্পিত উন্নয়নের জন্য সঠিক নেতৃত্বই বেছে নেবেন বলে ভোটাররা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। মেয়র প্রার্থীর মরণপণ লড়াইয়ে ক্ষমতাসীন দলের নৌকার প্রার্থী হারিছুর রহমান হারিছ ও বিএনপি’র জহির সাজ্জাদ হান্নান।
গৌরনদী পৌরসভা নির্বাচনে প্রচার প্রচারণা শুরু হয়েছে গতবৃহস্পতিবার ১৪ জানুয়ারি। ব্যস্ত সময় পার করছেন ২ মেয়র প্রার্থী। এছাড়া ৯টি ওয়ার্ডের ২৯জন সাধারন কাউন্সিলর প্রার্থী এবং ৩টি সংরক্ষিত ওয়ার্ডের ৮জন সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থী। ভোট চাইতে বিরামহীনভাবে ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে।এখন পৌরসভার ২৬ হাজার ভোটারের চূড়ান্ত রায়ের অপেক্ষায়।
ভোটারদের সাথে আলাপ করে জানা যায়, ২ মেয়র প্রার্থীর মধ্যে নৌকা মার্কায় বিজয়ী হওয়ার পথে বর্তমান মেয়র হারিছুর রহমান হারিছ। এবার গৌরনদী উপজেলা আওয়ামী লীগের দলীয় কোন্দল ভুলে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করছে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ। সবার একটাই লক্ষ্য নৌকাকে বিজয়ী করা।
বর্তমান মেয়র হারিছুর রহমান হারিছ নির্বাচনের প্রচার-প্রচারণার উঠান বৈঠকে বলেন, আগামী ৩০ জানুয়ারি নৌকা মার্কায় ভোট দিয়ে আমাকে বিজয়ী করা হলে গৌরনদী পৌরসভাকে আধুনিক নগরী হিসেবে গড়ে তোলা হবে। এসময় তিনি পৌর এলাকার ব্যাপক উন্নয়ন কাজের বর্ননা তুলে ধরে এ ধারা অব্যাহত রাখতে তৃতীয়বারের মতো তাকে নৌকা মার্কায় ভোট দিয়ে বিজয়ী করতে ভোটারদের প্রতি আহবান করেন।
অন্যদিকে পোস্টার, ব্যানার, আর লিফলেটে ছেয়ে গেছে পুরো পৌর এলাকা। গান-ছন্দে প্রার্থীদের মাইকের আওয়াজ শহর-গ্রামে। গণসংযোগে রাতদিন ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। যাচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে। প্রার্থনা করছেন ভোট, দিচ্ছেন নানা প্রতিশ্রæতি। যোগ দিচ্ছেন উঠোন ও খুলি বৈঠকে।
এদিকে, থেমে নেই কর্মীরা। ছোট ছোট দলে ভাগ হয়ে নিজেদের প্রার্থীর পক্ষে ভোট চাইছেন ভোটারদের কাছে। থেমে নেই নারী কর্মীরাও। তারাও দলে দলে ভোট চাইতে যাচ্ছেন এ বাড়ি ও বাড়ি। নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে ততই সরগরম হচ্ছে ভোটের মাঠ। প্রতিদিন প্রতিটি ওয়ার্ডে হচ্ছে কোন কোন প্রার্থীর খুলি বৈঠক অথবা নির্বাচনী পথসভা। পাড়া মহল্লার চায়ের দোকান গুলোতে অনেক রাত পর্যন্ত চলে সাধারণ ভোটারদের ভোটের করচা। চায়ের কাপে চুমুকের সঙ্গে ছোট ছোট যুক্তিতর্কে ভোটের এবং প্রার্থীর আমলনামার হিসাব মেলান তারা।
উল্লেখ্য, ৩য় দফায় দেশব্যাপী অনুষ্ঠিত পৌরসভা নির্বাচনে গৌরনদী ৩০ জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে। পৌরসভায় মোট ভোটার ২৬ হাজার ।









