স্থানীয় সূত্রে জানা যায়, ২১মার্চ সকালে প্রভাবশালী আফজাল স্যারের উপস্থিতিতে হাউজিং কতৃপক্ষ ও প্রশাসন দাড়িয়ে থেকে বস্তিবাসীর ০৬ পরিবারের মাথা গোজার শেষ ঠিকানাটি তাদের চোখের সামনে ভেঙ্গে মুচড়ে গাদা করে দেয়। প্রভাবশালী আফজাল হোসেন তার এক আত্মীয় (সরকারের উচ্চপদে চাকুরীরত) এক কর্তার সহযোগীতায় ও হাউজিং অফিসে অবৈধ সুবিধা দিয়ে বস্তিবাসীর শেষ ঠিকানা গুঁড়িয়ে দেন।
সরজমিনে গিয়ে দেখা যায়, তালতলা বস্তি এলাকায় মানুষের আহাজারি, গুড়িয়ে দেওয়া শেষ সম্বল বুকে জড়িয়ে বুক ফাটিয়ে উচ্চস্বরে কান্নারত বস্তিবাসী। এরই মধ্যে পাশের বাড়িতে বসবাসরত আফজাল হোসেন বস্তির গুঁড়িয়ে দেওয়া একটি অংশ দখল করে প্রাচীর নির্মাণ করে ফেলেছেন।
আফজাল হোসেন এর সাথে ঘটনাটি নিয়ে কথা বলতে সন্ধায় তার বাড়িতে প্রবেশ করলে, তিনি বের না হয়ে তার সহধর্মিনীকে সাংবাদিক টিমের সামনে পাঠিয়ে দেন। তিনি সাংবাদিক টিমকে জানান, পাশের বস্তির জায়গাটি তার স্বামীর নামে বরাদ্দ নিয়েছেন। তাই তিনি প্রাচীর নির্মাণ করে নিয়েছেন।
বরাদ্দের কাগজটি সাংবাদিক টিম দেখতে চাইলে, প্রথমে তিনি কাগজটি দেখাতে রাজি হননি। পরবর্তীতে বরাদ্দের একটি তৈরিকৃত কপি তিনি সাংবাদিকদের সামনে উপস্থাপন করেন। সেই কপিটিতে রয়েছে বিস্তর তফাৎ। স্মারক নম্বরের তারিখ এবং চিঠিতে ইস্যুকৃত তারিখ আনুমানিক ৬ মাসের ব্যবধান এবং আদেশের মূল তারিখ লেখার স্থানে অর্ধেক হাতে ও অর্ধেক কম্পিউটার প্রিন্ট করা।
এদিকে আফজাল হোসেনের সহধর্মিনীর দাবি করা বরাদ্দের জমিটুকু, সর্বশেষ হাউজিং কর্তৃপক্ষ কর্তৃক ইস্যুকৃত আদেশে নিজেদের জমি হিসাবে দেখিয়েছেন এবং জমি বরাদ্দ দেওয়ার তারিখ ও ইস্যুকৃত হাউজিং কর্তৃপক্ষের আদেশের তারিখের ৬ মাস আগে বলে সাংবাদিক টিমের সামনে প্রতীয়মান হয়েছে।
এ ব্যাপারে দুপুরের পর হাউসিং কুষ্টিয়ার সহকারি পরিচালক জানান, তিনি এই বিষয়টি অবগত নন। রাজশাহী থেকে বিষয়টি পরিচালনা করা হয়ে থাকতে পারে। বিষয়টি নিয়ে কথা বলার জন্য তিনি তার উর্দ্ধতন নির্বাহী প্রকৌশলীর কাছে যেতে বলেন। তাছাড়াও তিনি ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি।
সাংবাদিক টিম তার অফিসে উপস্থিত হলে, প্রথমে তিনি তাদের দেখে কাজে অধিক মনোনিবেশ করার ভাব দেখিয়ে এড়িয়ে চলেন। এর একপর্যায়ে সাংবাদিক টিম তাকে কথা বলার জন্য বললে, তিনি ব্যস্ততা দেখিয়ে কেটে যাবার চেষ্টা করেন। সাংবাদিক টিম তার অফিস কক্ষে সামনের চেয়ারে বসে থাকাকালে প্রিন্ট মেশিন থেকে একটি কাগজ উড়ে সাংবাদিক টিমের এক সদস্যের হাতে এসে পড়ে। কাগজটি পড়ে দেখলে দেখা যায়, উচ্ছেদ আদেশটি কেবল প্রিন্ট করা হয়েছে। যেখানে কর্তৃপক্ষর সিল ও সিলমোহর কোনটি ব্যবহার করা হয়নি।
হাউসিং অফিসের রেষ্ট হাউজে গেলে দেখা মেলে নির্বাহী প্রকৌশলীর। বিষয়টি নিয়ে তার মন্তব্য জানতে চাওয়া হলে, তিনি ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। তিনি সাংবাদিক টিমকে কৌশলে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন এবং বিষয়টি নিয়ে কুষ্টিয়া হাউসিং অফিসের সহকারী পরিচালকের সাথে কথা বলার জন্য বলেন।
অমানবিক ঘটনাটি নিয়ে এলাকাবাসীরাও মর্মাহত। তারা জানান, এই স্থানে আনুমানিক চল্লিশ বছরের বেশী সময় ধরে নিম্ন আয়ের মানুষগুলো বসবাস করে চলেছে। এখনকার বেশীর ভাগ মহিলারা মানুষের বাসা বাড়িতে কাজ করে দিনানিপাত করে আর পুরুষেরা রিক্সা,ভ্যান, অটো চালানো সহ শ্রমিক পেশায় নিয়োজিত। এই মানুষদের মাথার উপরে শেষ ছাউনিটুকু স্থানীয় একটি পরিবারের চক্রান্তে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হল। এটা অমানবিক একটি বিষয়।
তারা আরো বলেন, এদের পাশে জানা-বোঝা ও শিক্ষিত মানুষ না থাকায় অত্যাচার করে অনেকে পার পেয়ে যায়। তাই আজ এত বড় ক্ষতির সম্মুখীন হতে হলো এদের। প্রশাসনের কর্তা ব্যক্তিদের কাছে তারা দাবি জানান- দ্রুত বস্তিবাসীর সমস্যা সমাধান করে, তাদের মাথা গোঁজার ঠাঁই করে দেবেন।
কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ মো: শওকত কবির এর মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, গৃহায়ন কর্তৃপক্ষ তাদেরকে একটি লিখিত আবেদনের মাধ্যমে তাদের পুলিশের পুলিশের সহযোগিতা চেয়েছেন। আর তাই তাদেরকে পুলিশী সহযোগিতা প্রদান করা হয়েছে।
ব্যাব কুষ্টিয়ার সি ই ও আবদুল গাফফার এর সাথে কথা হলে তিনি জানান, উচ্ছেদ অভিযানে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে চিন্তা করে র্যাবের সহযোগিতা চাওয়া হয়েছিল। তাই সেখানে র্যাব সদস্যরা উপস্থিত ছিলেন।
সন্ধ্যার পরে জেলা প্রশাসক কুষ্টিয়া খায়রুল ইসলাম এর মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, তিনি বিষয়টি অবগত নন। আমাদের মাধ্যমেই তিনি বিষয়টি জানলেন। তিনি তার অধীনস্থ একজনকে ঘটনাস্থলে পাঠিয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণ করবেন মর্মে জানান।









