দিনাজপুরের বিরামপুরে মটর শ্রমিক ও কুলি পরিবারের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর উপহার স্বরুপ বুধবার (২৮ জুলাই) সকালে তাদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। চলমান কোভিড-১৯ (করোনা ভাইরাস) পরিস্থিতিতে সাময়িক কর্মহীন ২৭০টি মটর শ্রমিক ও ৯২টি কুলি পরিবারের মাঝে সরকারি এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। বিতরণকৃত খাদ্যের প্রতি প্যাকেটে ১০ কেজি চাল, ১ কেজি আটা, ১ কেজি ডাল, ১ কেজি তেল, ১ কেজি চিনি, ১ কেজি লবণ ও ১ প্যাকেট সেমাই দেওয়া হয়েছে।
সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন, দিনাজপুর-৬ আসনের জাতীয় সংসদ সদস্য মোঃ শিবলী সাদিক। উপজেলা নির্বাহী অফিসার পরিমল কুমার সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান মোঃ খায়রুল আলম রাজু ও পৌর মেয়র অধ্যক্ষ আক্কাস আলী।
এসময় উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান উম্মে কুলছুম বানু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার কাউছার আলী, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শিবেশ কুন্ডু, বিরামপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মশিহুর রহমান, মটর শ্রমিক ইউনিয়নের উপজেলা সভাপতি এমদাদুল হক, সাংগঠনিক সম্পাদক মুকুল সরকার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক আব্দুর রহমান রয়েল সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।









