জ্বালানি তেলের ম‚ল্য বৃদ্ধির প্রতিবাদে দেশব্যাপি চলমান পরিবহন ধর্মঘটের অংশ হিসেবে দিনাজরের ফুলবাড়ীতেও এর প্রভাব পড়েছে। আর এতে চরম দুর্ভোগে পড়েছেন কর্মক্ষেত্রে যাতায়াতরত সাধারণ যাত্রীরা।
সারাদেশের ন্যায় গত শুক্রবার ৫ নভেম্বর সকাল থেকে ফুলবাড়ী-দিনাজপুর, ঢাকা, রংপুর, বগুড়া, রাজশাহী, পাবনা, সিলেট সহ দেশের সব রুটের যাত্রীবাহী বাস, ট্রাক, ট্যাঙ্কলরি, কাভার্ডভ্যান চলাচল বন্ধ রয়েছে। ফলে সাধারণ যাত্রীরা পড়েছেন চরম ভোগান্তিতে।
গতকাল রোববার (৭নভেম্বর) সকালে সরেজমিনে ফুলবাড়ী শহরের উপর দিয়ে কোনো রুটে যাত্রীবাহী বাস চলাচল করতে দেখা যায়নি, তবে কিছু মালবাহী ট্রাক ও কাভার্ডভ্যান চলাচল করতে দেখা গেছে। ফুলবাড়ীর পৌর বাসষ্ট্যান্ড থেকে কোনো বাস ছাড়েনি,সড়ক একেবারে ফাঁকা । তবে সড়কে অটোরিকশা, রিকশা ভ্যান, নছিমন-করিমন,টেম্পো মটরসাইকেল চলাচল করতে দেখা গেছে। এদিকে যাত্রীবাহী বাস চলাচল বন্ধ হওয়ায় রেল ষ্টেশনে উপচেপড়া ভীড় লক্ষ করা গেছে,অনেকেই ট্রেনে চেপে নিজ গন্তব্যে পৌঁছানোর জন্য অপেক্ষা করছে ষ্টেশনে,বিশেষ করে দুরের যাত্রীরা বেশী বিপদে পড়েছেন। তাইতো ট্রেনে আসন ছাড়াই যাত্রীরা ভীড় উপেক্ষা করেই নির্দিষ্ট গন্তব্যে পৌঁছানোর চেষ্ঠা করছেন।
ফুলবাড়ী বাসষ্ট্যান্ডে আসা আব্দুল ওহাব মন্ডল জানান, জরুরি কাজে দিনাজপুর যেতে তিনি বাসষ্ট্যান্ডে এসেছেন। বাস বন্ধ ফলে তিনি কিভাবে যাবেন দুশ্চিন্তায় পড়েছেন। অটোরিকশা কিংবা টেম্পো দিয়ে হলেও তাকে যেতেই হবে। আনছার আলী নামে আরেক যাত্রী বলেন,রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে তার আত্মীয় চিকিৎসাধিন রয়েছেন। তাকে দেখতে বাড়ী থেকে বের হয়েছেন। বাস বন্ধ থাকায় টেম্পো নিয়েই যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। যদিও তাকে এর জন্য দ্বিগুন ভাড়া গুনতে হবে।
এদিকে স্থানীয় মোটর পরিবহন শ্রমিক আব্দুল খালেক ও মেরাজ উদ্দিন বলেন, গাড়ীঘোড়া বন্ধ থাকায় আমরাও বেকার হয়ে পড়েছি। আয় রোজগার একবারেই বন্ধ হয়ে গেছে। বাজারে সব জিনিসপত্রের দাম যেভাবে বাড়ছে তাতে জীবন-যাপন করা কঠিন হয়ে পড়বে তাদের।
দিনাজপুর মোটর পরিবহন শ্রমিক ইউনিয়ন ফুলবাড়ী শাখার সভাপতি মোঃ মহসিন আলী সরকার বলেন,জ্বালানী তেলের ম‚ল্য বৃদ্ধির প্রতিবাদে সারা দেশে বাংলাদেশ সড়ক পরিবহন ফেডারেশন এই ধর্মঘটের ডাক দিয়েছে। তারই অংশ হিসেবে ফুলবাড়ীতে পরিবহন ধর্মঘট চলছে। ফুলবাড়ী উপজেলা থেকে সব পরিবহন চলাচল বন্ধ রাখা হয়েছে।









