ডুমুরিয়ায় যুবলীগ নেতার বিরুদ্ধে৩৩ বিঘা সরকারী জমি জবর দখলের অভিযোগ উঠেছে। উপজেলার মাগুরখালী ইউনিয়নের খাগড়াবুনিয়া বিল নামক স্থানে তিনি এ জবর তখল করে আছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ডুমুরিয়া উপজেলার মাগুরখালী ইউনিয়নের খাগড়াবুনিয়া বিলে প্রায় ৬শ বিঘার অধিক মালিকানাধীন জমির পাশাপাশি বেশ কিছু পরিমান সরকারি খাস খতিয়ানের জমি রয়েছে। এ বিলের মধ্যে প্রায় ৮৫ টি ছোট-বড় মৎস্য ঘের আছে। এ দিকে মাগুরখালী ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক ব্রজেন সরকার ও তার নিকট আতœীয়(বোনের শ্বশুর) খাগড়াবুনিয়া গ্রামের রঞ্জন কুমার বিশ্বাস যৌথভাবে ওই বিলের মধ্যে সরকারি ৩৩ বিঘা খাস জমি অবৈধভাবে দখলে রেখে গড়ে তুলছে মৎস্য ঘের। যার নেই কোন বৈধ দালিলি প্রমাণ । প্রশাসনকে বৃদ্ধাঙ্গলী দেখিয়ে অবৈধভাবে বহাল তবিয়্যতে সরকারি ওই জায়গায় মৎস্য ঘের পরিচালনা করা হচ্ছে। তাদের নেতৃত্বে ওই এলাকার ১০/১৫ জন মৎস্য চাষীকে মোটা অংকের টাকার বিনিময়ে হারিতে দেয়া হয়েছে সরকারী জমি।
স্থানীয় এলাকাবাসী জানায়, উপজেলার লাঙ্গলমোড়া এলাকার বিধান সরকারের পুত্র ব্রজেন সরকার ও খাগড়াবুনিয়া এলাকার মৃত জৌতিময় বিশ্বাসের পুত্র রঞ্জন কুমার বিশ্বাস যৌথভাবে ২০১৫ সালের ২১ এপ্রিল ডুমুরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয় থেকে ব্রজেন সরকারের নামে ৫.৯১ একর এবং রঞ্জন বিশ্বাসের নামে ৫ একর মোট প্রায় ৩৩ বিঘা সরকারি জমি একসনা চুক্তিতে ইজারা নেন। উক্ত ইজারা চুক্তিটি ২০১৬ সালের ২০ এপ্রিলে মেয়াদ উত্তীর্ণ হয়। কিন্তু তারা ওই জমির দখল আজও ছাড়েন নি। অবৈধভাবে দখল করে রেখে ভোগ দখল করছে সরকারি জায়গা। দখলকৃত জমিতে ব্রজেন সরকার আরও ১০/১২ জন ব্যক্তিকে হারি চুক্তিতে বর্গা দিয়েছেন। তাদের কাছ থেকে বিঘা প্রতি ৮/১০ হাজার টাকা মৌখিক চুক্তিতে নেন তিনি।
খাগড়া বুনিয়া গ্রামের নুরুজ্জামান মোড়ল, শংকর সরদার, মিলন সরদার, দেবদাস মন্ডল, প্রবির মন্ডল, ব্রজেনের বোনের জামাই সুব্রত বিশ্বাস ও লাঙ্গলমোড়া এলাকার ধীমান মন্ডল, আব্দুল মান্নান সরদার, পঞ্চানন মন্ডল, মহাসিন সরদারসহ ১০/১২ জন ব্যক্তি ওই জমি হারি চুক্তিতে নিয়েছেন।
এ প্রসংগে জমি হারিতে নেয়া খাগড়াবুনিয়া গ্রামের নুরুজ্জামান মোড়ল বলেন, জমির মালিক কে তা জানিনা। আমি ২ বিঘার মত জমিতে মৎস্য ঘের করি। তবে বাৎসরিক হারি বাবদ ব্রজেনকে টাকা দিতে হয়। টাকা তার ভগ্নিপতি সুব্রত আদায় করে থাকে। আব্দুল মান্নান বলেন,৩ বিঘা জমি তার দখলে রয়েছে। ডিসিআর খরচ বাবদ ৫/৬ করে হাজার টাকা দিতে হয় ব্রজেন বাবুকে।
অভিযোগ প্রসঙ্গে যুবলীগ নেতা ব্রজেন সরকার বলেন, আমার নেয়া ৫.৯১ একর জমি বাংলা ১৪২৭ সাল পর্যন্ত ডিসিআর কাটা আছে। ইতো মধ্যে আবার ১৪২৮ সালের জন্য আবেদন করা হয়েছে। সপ্তাহ খানেক আগে শরাফপুর ইউনিয়ন তহসিল অফিসের নায়েব তদন্ত করতে এসেছিলেন। এ বিষয়ে রঞ্জন কুমার বিশ্বাস বলেন,২০১৫ সালে আমি ১৫ বিঘা জমির ডিসিআর নিয়েছিলাম এক বছর মেয়াদে। তারপর আর ডিসিআর কাটা হয়নি। আমার ওই জমি ব্রজেন ও তার লোকজনে খায়। আমাকে কিছুই দেয় না। এ বিষয়ে শরাফপুর তহসিল অফিসের নায়েব আবু সাঈদ বলেন, বাংলা ১৪২৮ সালের জন্য আবেদন করেছে ব্রজেন সরকার। সরেজমিনে গিয়ে তদন্ত প্রতিবেদন পাঠানো হয়েছে। মাগুরখালী ইউপি চেয়ারম্যান বিমল কৃষ্ণ সানাসহ এলাকার অনেকই অবৈধ দখলদার উচ্ছেদ পূর্বক সরকারি জমি উন্মুক্ত করতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ কামনা করেছেন। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আবদুল ওয়াদুদ বলেন, অচিরেই সরকারি সম্পত্তি অবৈধ দখল মুক্ত করা হবে। প্রয়োজনবোধে অবৈধ দখলদারের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনাসহ আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।









