বাগেরহাটের মংলায় বন্ধুর ছুরির আঘাতে মৃত্যু হয়েছে শাহীন (৩৫) নামে আর এক বন্ধুর। ডিভোর্সি স্ত্রীকে বিয়ে করার অপরাধে ছুরি মেরে হত্যা করা হয় তাকে। সোমবার রাতে মংলা শহরের ছাড়াবাড়ি এলাকায় এই ঘটনা ঘটে। নিহত শাহীন পৌর শহরের ছাড়াবাড়ি এলাকার একরামুল হকের ছেলে, অভিযুক্ত মারুফ হোসেন প্রতিবেশী আব্দুর রশিদের ছেলে। তার গ্রামের বাড়ী খুলনা জেলার কয়রা এলাকায়। তা রা দুজনে খুব ভালো বন্ধু ছিল। ঘটনার পরদিন মঙ্গলবার দুপুরে মারুফকে প্রধান আসামি করে আরও ৪/৫ জনকে অজ্ঞাত আসামি দিয়ে মামলা করেন নিহতের বড়বোন খাদিজা বেগম। মামলার পরে সন্ধ্যায় খুলনার কয়রা থেকে গ্রেফতার করা হয় ঘাতক বন্ধু মারুফ হোসেনকে।
নিহতের বড় বোন খাদিজা বেগম দৈনিক স্বাধীনমতকে জানান, পূর্বে নাদিরা মারুফের স্ত্রী ছিলো, সাংসারিক বনিবনা না হওয়ায় মারুফ তাকে ডিভোর্স দেয়। পরবর্তীতে শাহীন তাকে বিয়ে করে। সে কারণে দুই বন্ধুর মধ্যে শত্রুতা সৃস্টি হয়। তারই জের ধরে সোমবার রাত ৮টার দিকে বন্দরের পুরাতন পোর্ট হেল্থ এলাকায় শাহীনের পেটের বাম পাশে ছুরি মেরে পালিয়ে যায় মারুফ। শাহিনের ডাক চিৎকারে স্থানীয়রা উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। মংলা থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠান। মঙ্গলবার দুপুরে ময়নাতদন্ত শেষে তাকে দাফন করেছে তার পরিবার। এই হত্যাকাণ্ডে সম্পৃক্ত আসামিদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছে নিহতের পরিবার।
নিহত শাহীন একজন জাহাজ শ্রমিক এবং তার স্ত্রী নাদিরা পোশাক শ্রমিক। অভিযুক্ত ঘাতক মারুফ একজন কাঠ শ্রমিক। মারুফ শহরের ছাড়াবাড়ি এলাকায় ভাড়া থাকতো। শাহীনকে ছুরিকাঘাত করে পালিয়ে গেলে মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই আলীরেজার নেতৃত্বে মংলা থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে খুলনার কয়রা থেকে ঘাতক মারুফকে গ্রেফতার করে। তারা দুজনে ভালো বন্ধু ছিল, মূলত তার ডিভোর্সি বৌ নাদিরাকে শাহীন বিয়ে করার কারণে ক্ষিপ্ত হয়ে এই হত্যাকান্ড ঘটিয়েছে বলে স্থানীয়ভাবে জানা গেছে।
মোংলা থানার অফিসার ইনচার্জ মোহাম্মাদ মনিরুল ইসলাম বলেন, অভিযুক্ত মারুফ হোসেনকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।









