, , ,

শিরোনামঃ-




ডুমুরিয়ার পাবদা মাছ যাচ্ছে কোলকাতায়

গাজী আব্দুল কুদ্দুস, বিশেষ করেসপন্ডেন্ট,খুলনা।

আপডেট টাইম : আগস্ট ০১ ২০২২, ১৭:১৪ | 783 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

দেশী প্রজাতির পাবদা মাছ চাষ করে ডুমুরিয়া উপজেলার হাসানপুর গ্রামের আলাউদ্দিন জোয়াদ্দার(৩৮)দৃষ্টান্তমূলক সাফল্য অর্জন করেছে। দেশের গন্ডি পেরিয়ে তার খামার থেকে সরাসরি ভারতের কোলকাতার বাজারে বাজারে যাচ্ছে পাবদা মাছ।
জানা যায়, ২০২১ সালে হাসানপুর গ্রামের এক মসজিদের ৬একর জলাশয় বছরে ৪লাখ ৮৫হাজার টাকা হারি(ভাড়া) দিয়ে আলাউদ্দিন জোয়াদ্দার তার বন্ধু বেনজির জোয়াদ্দারকে সঙ্গে নিয়ে পাবদা চাষ শুরু করেন। পূর্বের অভিজ্ঞতা ও উপজেলা মৎস্য অফিসের পরামর্শে ওই বছর ফুলতলার এক ব্যবসায়ী টিটো মোল্যার মাধ্যমে বগুড়া থেকে ৩লাখ ৯০হাজার পাবদার বাচ্চা এনে চাষ করেন। ওই সঙ্গে ১০হাজার পিস রুই-কাতলা-মৃগেল মাছও ছাড়েন। বছর শেষে সর্বমোট মাছ বিক্রি হয় ৫০লাখ টাকা। খরচ ৩২লাখ টাকা হলেও তাদের ১৮লাখ টাকা লাভ থাকে।
পাবদা মাছ সাধারণত ৪ মাসের ফসল, একই পুকুরে বছরে ২বার চাষ ও বিক্রি করা সম্ভব। ওই শিক্ষাকে কাজে লাগাতে চলতি বছর চৈত্র (মার্চ) মাসে পুকুর তৈরি শেষে ১একরের নার্সিং পুকুরে ২৫ দিন বয়সী ৫লাখ ৮হাজার পাবদার বাচ্চা(পোনা) ছাড়েন। দেড় মাস পরে ওই পাবদা গুলো পাশেই ৪একরের বড় জলাশয়ে ছাড়েন। তাছাড়াও ওই পুকুরে ৫লাখ পারশে, ৫হাজার ভাংগন ও ১০হাজার পিস রুই জাতীয় সাদা মাছও ছাড়া হয়। নিয়ম মেনে সকল প্রকার খাবার ও ওষুধ দেওয়ার পাশাপাশি পুকুরের পানিতে অক্সিজেনের সরবরাহ ঠিক রাখতে সার্বক্ষণিক ৫টি এরেটর’র চাকা ঘুরছে। তাছাড়া ৪জন মানুষের সর্বাত্মক পরিচর্যা আছে।
জোয়াদ্দার মৎস্য খামার থেকে পাবদা ধরে সাথে-সাথে বরফ দিয়ে বাক্স(কসকেট) বন্দি করে ট্রাকে করে যশোর-বেনাপোল সিমান্ত হয়ে সরাসরি কোলকাতার বিভিন্ন বাজারে নেওয়া হবে, এমন ঘটনা প্রত্যক্ষ করতে গত শনিবার ৩১জুলাই সকালে খুলনা মৎস্য অধিদপ্তরের বিভাগীয় উপ-পরিচালক তোফাজ উদ্দিন আহমেদ-সহ একটি প্রতিনিধি দল সেখানে যান। মাছ ধরা শেষে দুপুরে ২৩০টাকা কেজি দরে ব্যবসায়ী টিটো মোল্লা ৮০মন পাবদা কিনে প্যাকেটজাত করে ট্রাকে তুলে ভারতের কোলকাতার উদ্দেশ্যে যাত্রা করেন। গত শনিবারেও তিনি ১০মন নিয়ে গেছেন।
এ ব্যাপারে সফল পাবদা চাষি আলাউদ্দিন জোয়াদ্দার বলেন, ২০১৬সাল থেকে বিভিন্ন জাতের মাছ-সহ পাবদা চাষের অভিজ্ঞতা নিয়ে ২০২১সালে বড় আকারে পাবদা চাষ শুরু করে সফল হয়েছি। প্রতি কেজি পাবদা উৎপাদনে ১৮০টাকা খরচ হলেও বিক্রি হয় ২৩০টাকা। এ বছরের প্রথম ৪মাসে ২০লক্ষাধিক টাকা খরচ হলেও গত ২দিনে ১৩লাখ টাকা বিক্রি করেছি। আশা করছি, এখনও ৩০লক্ষাধিক টাকা বিক্রি হবে। তাছাড়া আগামী ২০দিনের মধ্যে নাসিং পুকুর থেকে দেড়মাস বয়সী ৫লাখ নতুন পাবদা বড় পুকুরে ছাড়বো। আড়াই মাস পরে সেগুলোও বিক্রি হবে। এভাবে বছরে ২বার পাবদা চাষ অব্যাহত রাখবো।
পাবদা ব্যবসায়ী টিটো মোল্লা বলেন, আমি বগুড়া ও ময়মনসিং থেকে পাবদার রেনু-পোনা এনে এই এলাকার চাষিদের কাছে বিক্রির পাশাপাশি মাছের খাবার-ওষুধও সরবরাহ করি। আর ৪মাসের মাথায় তাদের খামার থেকেই মাছ কিনে যশোরের বাগাছড়া এলাকার কেবিসি কোম্পানির মাধ্যমে কোলকাতায় নিয়ে বিক্রি করি। সেখানে পাবদার ভালো চাহিদা।
উপজেলা সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আবু বকর সিদ্দিক বলেন, গলদা-বাগদা-রুই জাতীয় মাছের এলাকা বলে খ্যাত ডুমুরিয়াতে আজ বিলুপ্ত প্রায় বিভিন্ন প্রজাতির মাছ পাবদা চাষে দৃষ্টান্ত সৃষ্টি হয়েছে। তাকে স্বীকৃতি দিয়ে এবছর মৎস্য সপ্তাহের দৃষ্টিনন্দন কার্ডে বড় কাতলা মাছ-সহ আলাউদ্দিনের ছবি ছাপিয়েছি।
খুলনা জেলা মৎস্য অফিসার জয়দেব পাল বলেন, মানুষের পুষ্টির চাহিদা পূরণ, বেকার সমস্যার সমাধান, আর্থিক সমৃদ্ধি ও বৈদেশিক মুদ্রা অর্জনের লক্ষ্যে আমরা পাবদা চাষকে উৎসাহ দিচ্ছি। সাবেক মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এমপি বলেন, আমি মন্ত্রী থাকাকালে দেশি প্রজাতির মাছ চাষে বেশকিছু পদক্ষেপ নিয়েছিলাম। আজ খুব ভালো লাগছে, আমাদের ডুমুরিয়ার আলাউদ্দিন পাবদা চাষ করে ব্যতিক্রমী সাফল্য পেয়েছে। তার সাফল্য দেখে এলাকার বেকার যুবকরা মাছ চাষে এগিয়ে আসবে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET