লক্ষ্মীপুরের রামগঞ্জে অবৈধ ড্রেজার মেশিন দিয়ে মাটি উত্তোলনের দায়ে এক ব্যক্তিকে ২ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় পরিবহনের সুযোগ না থাকায় চারটি ড্রেজার মেশিন অকেজো করা হয় এবং তিন কন্টেইনার জ্বালানি তেল জব্দ করা হয়।
মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটে উপজেলার ৩ নম্বর ভাদুর ইউনিয়নের কেথুড়ী পাটোয়ারী বাড়িসংলগ্ন মাঠে এ অভিযান পরিচালনা করা হয়। রামগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় উপজেলা প্রশাসন এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে।
অভিযানে ড্রেজার দিয়ে ভূগর্ভস্থ মাটি উত্তোলনের অপরাধ প্রমাণিত হওয়ায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ (সংশোধিত ২০২৩)-এর সংশ্লিষ্ট ধারায় এক ব্যক্তিকে দুই লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, অবৈধভাবে মাটি ও বালু উত্তোলন পরিবেশ ও কৃষিজমির জন্য ক্ষতিকর। এ ধরনের কর্মকা- থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ জানানো হয়েছে। অন্যথায়, জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।









