নাজিম হাসান,রাজশাহী প্রতিনিধি:
রাজশাহীতে তারেক রহমানের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে আওয়ামীলীগের নেতাকর্মীরা। এবং বিএনপি রায়ে অসন্তোষ প্রকাশ করে তারা বিক্ষোভ মিছিল করেছেন। আবারো রাজশাহীতে দু’দলই বৃহস্পতিবার কর্মসূচি পালন করবেন বলে উভয় দলীয় সুত্র জানান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের ফাঁসি চেয়ে বুধবার দুপুরে বিক্ষোভ মিছিল বের করে মহানগর আওয়ামী লীগ। নগরীর কুমারপাড়ায় দলীয় কার্যালয় থেকে মিছিলটি বের করা হয়। বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে গিয়ে মিছিলটি শেষ হয়। সেখানে সমাবেশ করেন দলীয় নেতারা। এসময় বক্তব্য দেন- মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি মেয়র এইচএম খায়রুজ্জামান লিটন, সাধারণ সম্পাদক ডাবলু সরকার প্রমুখ। তারা এ মামলার আসামি তারেক রহমানের ফাঁসি দাবি করেন। এ দাবিতে বৃহস্পতিবার সকালে আবারও বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেন তারা। অপরদিকে রায় প্রত্যাখান করে নগরীর ভুবনমোহন পার্কে একই সময় বিক্ষোভ করে মহানগর বিএনপি। নগর বিএনপির সভাপতি ও সাবেক সিটি মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, সাধারণ সম্পাদক শফিকুল হক মিলনসহ দলীয় নেতারা কর্মসূচিতে বক্তব্য রাখেন। এদিকে নগরীর অলোকার মোড়ে জেলা বিএনপি বিক্ষোভের চেষ্টা করে। জেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন তপুর নেতৃত্বে দলটির নেতাকর্মীরা সেখানে জড়ো হতে থাকেন। তবে পুলিশ গিয়ে তাদের সেখান থেকে সরিয়ে দেয়।অন্যদিকে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে সাজার প্রতিবাদে রাজশাহী মহানগর ছাত্রদল তাৎক্ষনিক বিক্ষোভ মিছিল করে। বুধবার দুপুরে রাজশাহী মহানগরীতে এ বিক্ষোভ মিছিল করা হয়। বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন রাজশাহী মহানগর ছাত্রদলের সভাপতি আসাদুজ্জামান জনি, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রবি। অরো উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম জনি সহ মহানগর ছাত্রদলের বিভিন্ন শিক্ষা প্রতিষ্টান,থানা ও ওয়ার্ডের নেতাকর্মীরা। বিক্ষোভ মিছিলটি বিভিন্ন এলাকা পরিদর্শন করে। একুশে আগস্ট গ্রেনেড হামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে সকাল থেকেই রাজশাহীতে সতর্ক অবস্থানে ছিল আইনশৃঙ্খলা বাহিনী।









