আগৈলঝাড়া প্রতিনিধিঃ
বরিশালের আগৈলঝাড়ায় উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক, শিক্ষিকাসহ ৮টি বিভাগে তালিকা প্রকাশ করেছে উপজেলা প্রশাসন। উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট কমিটির প্রকাশিত তালিকা অনুযায়ি উপজেলার রতœপুর ইউনিয়নের দত্তেরাবাদ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক কবির আহমেদ মৃধা শ্রেষ্ঠ শিক্ষক ও গৈলা ইউনিয়নের উত্তর শিহিপাশা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আফরোজা আক্তারকে শ্রেষ্ঠ শিক্ষিকা নির্বাচিত করা হয়েছে। উপজেলা যাচাই-বাছাই কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল চন্দ্র দাসের সভাপতিত্বে প্রণয়নকৃত তালিকায় শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয় নির্বাচিত করা হয়েছে আগৈলঝাড়া মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়, শ্রেষ্ঠ বিদ্যুৎসাহী সমাজ কর্মী ২নং বাকাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিপুল দাস, শ্রেষ্ঠ কাব শিক্ষক আগৈলঝাড়া মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান, শ্রেষ্ঠ সহকারী শিক্ষা অফিসার মো. আবুল কালাম, শ্রেষ্ঠ এসএমসি পাকুরিতা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি সুবোধ চন্দ্র সরকার ও ঝড়েপড়া শিক্ষার্থী রোধে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করে শ্রেষ্ঠ হয়েছে পাকুরিতা সরকারী প্রাথমিক বিদ্যালয়।









