পঞ্চগড়ের আটোয়ারী সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় সাত কেজি ওজনের একটি মূল্যবান কষ্টি পাথর উদ্ধারসহ দু’জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (১৪ জুলাই) রাত প্রায় ২টার দিকে এই অভিযান পরিচালিত হয়। এ সময় কষ্টি পাথর পাচারের অভিযোগে দুই ব্যক্তিকে আটক এবং তাদের ব্যবহৃত দু’টি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। আটককৃতরা হলো :- আটোয়ারী উপজেলার রাধানগর গ্রামের মোঃ ছবিরুল ইসলামের পুত্র মোঃ দুলাল হোসেন (৩৬) এবং ঠাকুরগাঁও জেলার রুহিয়া থানার বৈরাগীহাট চাপাতি গ্রামের মৃত সুরল ইসলামের পুত্র মোঃ কলিম উদ্দীন (৪০)। বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খ. আখলাকুর রহমান, জি আর্টিলারির নির্দেশনায় বর্ষালুপাড়া বিওপি’র একটি বিশেষ টহল দল এই অভিযান চালায়। সীমান্ত মেইন পিলার ৩৯৬/৫-আর থেকে প্রায় ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে রাধাকৃষ্ণ মার্কেট এলাকায় সন্দেহভাজনদের গতিরোধ করে বিজিবি। তল্লাশিকালে তাদের হেফাজত থেকে প্রায় ৭ কেজি ওজনের কষ্টি পাথরটি উদ্ধার করা হয়। অভিযানের সময় কষ্টি পাথর ছাড়াও পাচার কাজে ব্যবহৃত ২ টি মোটরসাইকেল, ২ টি বাটন মোবাইল ফোন এবং ২ টি সিম কার্ড জব্দ করা হয়। বিজিবি’র হিসাব অনুযায়ী, উদ্ধারকৃত কষ্টি পাথরসহ জব্দকৃত অন্যান্য মালামালের আনুমানিক বাজার মূল্য ৮লাখ ৮৭ হাজার ৪০০ টাকা। ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খ. আখলাকুর রহমান জানান, সীমান্ত সুরক্ষা এবং চোরাচালান রোধে বিজিবি সর্বদা তৎপর রয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। জব্দকৃত কষ্টি পাথরসহ আসামীদের আটোয়ারী থানায় হস্তান্তর করা হয়েছে। আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ মতিয়ার রহমান বিজিবি কর্তৃক কষ্টি পাথরসহ দু’জনকে আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, আটককৃতদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। থানায় মামলা রুজু হওয়ার পর আসামীদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।









