দাগনভ্ূঁঞা (ফেনী) প্রতিনিধি :
দাগনভূঁঞায় উপজেলার মাতুভূঞা ইউনিয়নের উত্তর আলীপুর গ্রামে নিখোঁজের তিনদিন পর আলী নেওয়াজ (৭০) নামের এক বৃদ্ধের লাশ গতকাল শনিবার সকালে ডোবা থেকে উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ ও নিহতের পরিবার সূত্র জানায়, বৃহস্পতিবার সকালে বেকের বাজার থেকে বাড়িতে যাওয়ার পথিমধ্যে তেল ব্যাপারী বাড়ির দরজা থেকে নিখোঁজ হন উত্তর আলীপুর গ্রামের আহম্মদ আলী ভূঞা বাড়ির মৃত বাদশা মিয়ার ছেলে আলী নেওয়াজ। অনেক খোঁজাখুজি করে তাকে না পেয়ে এলাকায় মাইকিং করা হয়। শনিবার সকালে নিহতের লাশ ডোবায় ভেসে উঠতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।
নিহতের ছেলে আলী আশরাফ জানান, তার বাবা ওইদিন সকালে বেকের বাজারে গেলে আর ফিরে আসেনি।
দাগনভূঞা থানার ওসি মো: ছালেহ আহম্মদ পাঠান লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, কী কারণে বৃদ্ধ ডোবায় গেলো তা খতিয়ে দেখা হচ্ছে।









