শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার নয়নপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে এক ব্যবসায়ীর বুলডোজার দিয়ে রাতের আঁধারে আমিনুল ইসলামের ৫০বছরের ভোগদখলীয় জমির উপর মার্কেট ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে। এতে দখলকৃত ওই জমির উপর থাকা ১৫/২০টি আধা পাকা দোকানপাট মালামালসহ বুলডোজার দিয়ে গুড়িয়ে বালু দিয়ে ভরাট করা হয়েছে। এতে প্রায় অর্ধ কোটি টাকা ক্ষতি সাধিত হয়েছে।
জমির মালিকানা দাবী করে মৃত জাফর আলীর ছেলে আমিনুল ইসলাম জানান, ১৯৬৯সালে ক্রয় সূত্রে মালিক হয়ে আমরা জমিতে দোকান নির্মাণ করে ভাড়া দিয়ে ভোগ দখলে আছি। সম্প্রতি উপজেলার ফরিদপুর গ্রামের ইসলাম উদ্দিন মোল্লার ছেলে আমির হোসেনের নেতৃত্বে শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে পুলিশের সহযোগিতায় জমির উপর থাকা দোকানপাট বুলডোজার দিয়ে মাটির সাথে মিশিয়ে দেয় এবং দোকানে থাকা মালামাল লুটপাট করে নিয়ে যায়। মার্কেটের ২০টি দোকানের সম্পূর্ণ মালামাল লুটপাট করে নিয়ে যায়।
তিনি আরো জানান, উত্তরণ মাল্টিপারপাস ও উত্তরণ এন্টারপ্রাইজের রড সিমেন্ট দোকানে থাকা প্রায় ১০লক্ষাধিক টাকার মালামাল নিয়ে গেছে। এছাড়াও বিরোধপূর্ণ জমি নিয়ে আমার ভাই শওকত ইসলাম কয়েস বাদী হয়ে গাজীপুর আদালতে একটি ভূল সংশোধনী মামলা (নং ১১৯/২০১৮) চলমান রয়েছে। মামলা চলমান থাকার পরও রাতের আঁধারে দোকানপাট বুলডোজার দিয়ে গুড়িয়ে বালুর নিচে চাপা দেয়া হয়েছে।
কলা ব্যবসায়ী কাজল মিয়া জানান, বিভিন্ন কারখানার শ্রমিকদের টিফিন বাবদ কলা, রুটি ও ডিম সাপ্লাইয়ের কাজ করতাম। আমার দোকানে থাকা প্রায় ৭লাখ টাকার মালামাল ক্ষতিগ্রস্ত হয় এবং কিছু কলা বালুর নিচে চাপা পড়ে। ফুটপাতে থাকা গেঞ্জির দোকানদার আলম, সাইফুল ও হেকিম জানান, আমরা দোকান ভাড়া নিয়ে ব্যবসা করতাম। মার্কেট ভেঙ্গে ফেলায় প্রায় তিন লাখ টাকার মালামাল লুটপাট করে নিয়ে যায়।
প্রতিপক্ষ আমির হোসেন মালামাল লুটপাট ও ভাংচুরের ঘটনা অস্বীকারে জানান, দীর্ঘদিন যাবৎ জোরপূর্বক ভাবে আমাদের জমি দখল করে দোকানপাট নির্মাণ করে আসছিলেন। আজকে আমি আমার জমির দখল বুঝে নিয়েছি।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, এব্যাপারে কেউ কোন অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।









