অস্ট্রেলিয়ার সিডনি বিশ্ববিদ্যালয়ের (University of Sydney) সিডনি মেডিকেল স্কুল থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন ফেনীর কৃতী সন্তান ডক্টর মুহাম্মদ আনোয়ার হোসেন। তার গবেষণার বিষয় ছিল ‘মানবিক প্রেক্ষাপটে জনস্বাস্থ্য’ (Health in Humanitarian Contexts)। অস্ট্রেলিয়া সরকারের মর্যাদাপূর্ণ ‘কমনওয়েলথ গভর্নমেন্ট আরটিপি’ (RTP) স্কলারশিপের অধীনে তিনি এই উচ্চতর গবেষণা সম্পন্ন করেন।
ডক্টর আনোয়ার হোসেন ফেনী জেলার ফুলগাজী থানার ঘনিয়া মোড়া গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি আমিনুল ইসলাম (জাহেদ) এবং রেখা আক্তার দম্পতির জ্যেষ্ঠ সন্তান।
ডক্টর আনোয়ার হোসেন বর্তমানে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত। তার শিক্ষাজীবন অত্যন্ত গৌরবময়। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর—উভয় পরীক্ষায় মেধা তালিকায় প্রথম স্থান অধিকার করেন এবং অসাধারণ ফলের জন্য ‘ডিনস অ্যাওয়ার্ড’ লাভ করেন। পরবর্তীতে তিনি বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর ফেলোশিপের (Prime Minister’s Fellowship) অধীনে ইউনিভার্সিটি অব টেকনোলজি সিডনি (UTS) থেকে বিশেষ কৃতিত্বের (Distinction) সাথে এমপিএইচ (MPH) ডিগ্রি অর্জন করেন।
একজন গবেষক হিসবে আন্তর্জাতিক অঙ্গনেও তার শক্তিশালী অবস্থান রয়েছে। জনস্বাস্থ্য, প্রজনন স্বাস্থ্য, অভিবাসন এবং শরণার্থী সমস্যার মতো গুরুত্বপূর্ণ সামাজিক ও স্বাস্থ্যগত বিষয়ে আন্তর্জাতিক বিভিন্ন জার্নালে তার ২০টি গবেষণাপত্র প্রকাশিত হয়েছে। বর্তমানে তিনি সিডনি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা ও কোর্স কো-অর্ডিনেশনের দায়িত্বও পালন করছেন।
নিজের এই অর্জনে কৃতজ্ঞতা প্রকাশ করে ডক্টর আনোয়ার হোসেন বলেন, “আমার এই সাফল্যের পেছনে মহান আল্লাহর রহমত, আমার বাবা-মায়ের দোয়া এবং শিক্ষকদের দিক-নির্দেশনা কাজ করেছে।” ভবিষ্যতে তিনি তার অর্জিত জ্ঞান ও গবেষণার মাধ্যমে দেশের জনস্বাস্থ্য ও সমাজতাত্ত্বিক উন্নয়নে ভূমিকা রাখতে চান।
Please follow and like us:









