খুলনার ডুমুরিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পৃথক দুটি অভিযানে এ্যালকোহল ও উইনক্রেক্স সহ ২জনকে আটক করা হয়েছে। অধিদপ্তর সূত্রে প্রকাশ, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বেলা তিনটার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, খুলনার রেইডিং পার্টি ডুমুরিয়া থানাধীন শোলগাতিয়া বাজার গাবতলা মোড় এলাকায় একটি হোমিও চিকিৎসকের চেম্বারে অভিযান পরিচালনা করে। এসময় ওই চেম্বারে সংরক্ষিত ৫৭ বোতল অবৈধ উচ্চ মাত্রার এ্যালকোহল/স্প্রীট উদ্ধার করা হয়। এবং অবৈধভাবে এ্যালকোহল (মাদকদ্রব্য) সংরক্ষনের অভিযোগে চেম্বারের মালিক আবু জার মোঃ ফয়জুল্লাহ (৪৬)কে আটক করে আভিযানিক দল। তিনি যশোরের কেশবপুর উপজেলার আগরহাটি গ্রামের মৃত আব্দুল বারী ওয়াদুদীর ছেলে বলে জানা গেছে। এব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, খুলনার উপ-পরিদর্শক জাহানারা খাতুন বাদী হয়ে ডুমুরিয়া থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করেছেন মামলা নং-৭, তারিখ- ০৯ জুলাই/২০২৬।
অপর একটি অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, খুলনার রেইডিং পার্টি উপজেলার কাঞ্চনপুর গ্রামে অভিযান চালিয়ে পারুল বেগম (৪৫) এর বসতঘর থেকে ১০ বোতল অবৈধ মাদকদ্রব্য কোডিন মিশ্রিত তরল পদার্থ (উইনক্রেক্স) উদ্ধার করে এবং অবৈধভাবে মাদকদ্রব্য সংরক্ষণ করার অভিযোগে পারুল বেগম (৪৫) কে আটক করা হয়। তিনি ওই গ্রামের আব্দুস সামাদ শেখের স্ত্রী বলে জানা গেছে।
এব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, খুলনার পরিদর্শক (সার্কেল-খ) ফরহাদ হোসেন বাদী হয়ে ডুমুরিয়া থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করেছেন। মামলা নং-৮, তারিখ- ০৯ জুলাই/২০২৬। বৃহস্পতিবার আটককৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানা গেছে।
Please follow and like us:








