গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার বরিশাল ইউনিয়নের ছাউনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিরিন আকতারের দায়িত্ব অবহেলার কারণে প্রতিদিনই সময়ের আগেই বিদ্যালয় বন্ধ করে সহকারী শিক্ষকরা বাড়ীতে যাওয়ার অভিযোগ উঠেছে।
গতকাল মঙ্গলবার সরেজমিন বিদ্যালয়ে উপস্থিত হলে এমনই বাস্তব চিত্রই পরিলক্ষিত হয়। ওই বিদ্যালয়ের একজন শিক্ষার্থী জানান বিদ্যালয়টি প্রতিদিনই সময়ের আগেই বন্ধ করে প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষকরা বাড়ীতে চলে যায়। এ ব্যাপারে উক্ত প্রধান শিক্ষককে মুঠো ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, আমি বেতন উত্তোলনের পলাশবাড়ীতে এসেছি। সহকারী শিক্ষকদের বলে এসেছি সময়মত বিদ্যালয় ছুটি দিতে।
ছাউনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্ধের বিষয়ে সহকারী উপজেলা শিক্ষা অফিসার আব্দুল হান্নানকে মুঠো ফোনে অবগত করলে তিনি জানান, সময়ের আগেই বিদ্যালয় ছুটি দেয়ার কোন নিয়ম নেই। তবে বিষয়টি খতিয়ে দেখে ওই বিদ্যালয়ের শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।









