দিনাজপুরের ফুলবাড়ীতে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ও মৃত্যুর হার আশংঙ্খাজনক ভাবে বৃদ্ধি পাওয়ায় উপজেলা করোনা সংক্রমণ প্রতিরোধ কমিটির সিদ্ধান্ত মোতাবেক ১০ দিনের কঠোর বিধি নিষেধ আরোপ করা হলেও তা মানছেননা অনেকেই।
বৃহস্পতিবার (২৪জুন) বিকেল সাড়ে ৫ টায় উপজেলা সভাকক্ষে আয়োজিত উপজেলা করোনা প্রতিরোধ কমিটির জরুরী সভায় (২৫ জুন) শুক্রবার সকাল ৮টা থেকে ৪ জুলাই রাত ১২টা পর্যন্ত ১০ দিনের এই কঠোর বিধি নিষেধ ঘোষনা করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা করোনা প্রতিরোধ কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মোঃ রিয়াজ উদ্দিন। তাঁর স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এই বিধি নিষেধ ঘোষনা করা হয়েছে।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে জরুরী সেবার বাইরে মার্কেট,রেষ্টুরেট,সেলুন,বিউটি পার্লার,চায়ের দোকানসহ সকল ব্যবসা প্রতিষ্ঠান,অটো চার্জার ভ্যান,মোটর সাইকেলসহ মনুষ্যবাহী গাড়ী ও সাপ্তাহিক হাট বন্ধ থাকবে। শুধুমাত্র কাঁচাবাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের দোকান পাট (মুদি দোকান) সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিধি নিষেধ মেনে খোলা থাকবে। এসময় প্রয়োজন ব্যাতিত কেউ এসব স্থানে গণজমায়েত ও ঘোরা ফেরা করতে পারবে না। এতে আরো বলা হয়েছে বিধিনিষেধ চলাকালিন কোনো প্রকার যানবাহন ফুলবাড়ী উপজেলায় প্রবেশ করতে পারবে না। উপজেলার ভিতর সকল প্রকার পরিবহন /গণপরিবহন রিক্সা,ভ্যান অটো রিক্সা, মোটর সাইকেল, বাইসাইকেল, বাস ও মাইক্রো বাস,ইত্যাদি চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। পর্যটন কেন্দ্র,কমিউনিটি সেন্টার,সিনেমা হল ও বিনোদন কেন্দ্র বন্ধ থাকবে। গণ জামায়েত হয় এই রুপ সামাজিক, রাজনৈতিক,ধর্মীয়,অনুষ্ঠানের আয়োজন করা যাবে না। সন্ধা ৭টা হতে পরের দিন সকাল ৬টা পর্যন্ত জরুরী প্রয়োজন যেমন ঔষধ ক্রয়,চিকিৎসা সেবা গ্রহন,মৃত দেহ দাফন/সৎকার ব্যাতিত বাড়ীর বাইরে যাওয়া যাবে না।
এদিকে সরেজমিনে গতকাল শুক্রবার পৌর শহর ঘুরে দেখা গেছে সকাল থেকে প্রশাসনের দেয়া এসব বিধি নিষেধ উপেক্ষা করে অনেককেই গোপনে সুযোগ বুঝে দোকান খোলা রাখতে দেখা গেছে,কিছু কিছু হোটেলের ভেতরে লোকজন বসে খাবার খাচ্ছেন,মটর সাইকেল,ভ্যান, রিক্সাসহ অন্যান্য যান চলাচল অনেকটাই স্বাভাবিক ছিল। আগের মতোই ঠাসাঠাসি করেই যাত্রী বহন করছে অটো চার্জার চালকরা।
লক-ডাউন এর বিষয়ে রিক্সা চালক ফিরোজের সাথে কথা হলে,তিনি বলেন আমরা প্রতিদিন যা আয় করি তা দিয়ে সংসার চালাই,রিক্সা বন্ধ থাকলে খাবো কি? কিস্তি চালাবো কি করে। একইভাবে হোটেল ব্যাবসায়ী উজ্জল বলেন,আগের দিনের যা রান্না করা খাবার ছিলো সেগুলো শেষ করতে অল্প কজন লোক বসে খাওয়াচ্ছেন,এগুলো শেষ হলে কাল থেকে আর বসে খাওয়াবেন না তিনি।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রিয়াজ উদ্দিন এর কাছে জানতে চাইলে তিনি বলেন,বৃহস্পতিবার সন্ধ্যায় কঠোর বিধি-নিষেধ আরোপের সিদ্ধান্তের পর মাইকিং করতে একটু দেরী হয়ে যায়। হয়তো দূরের অনেক লোকজন উপজেলা প্রশাসনের এই ম্যাসেজটি পায়নি। তবে তিনি আশা প্রকাশ করে বলেন, শনিবার(২৬জুন) থেকে অবশ্যই উপজেলার সকল মানুষ করোনা প্রতিরোধে প্রশাসনকে সহযোগীতা করবে,সেইসাথে অত্যাবশ্যকীয় প্রয়োজন ছাড়া কেউ ঘরের বাইরে বের হবেননা।









