“মরহুম রাষ্ট্রপতি পল্লীবন্ধু হুসাইন মুহাম্মদ এরশাদের ৯বছরের শাসনামল ছিলো বাংলাদেশের ইতিহাসের স্বর্ণ যুগ,গ্রাম-বাংলার উন্নয়নের রুপকার পল্লী বন্ধুর জাতীয় পার্টিকে দূর্নীতিবাজ আওয়ামীলীগ সরকার তাদের শাসনামলে দ্বিখন্ডিত করেছে।” সংবাদ সম্মেলনে উল্লেখিত কথাগুলো বলেন,দিনাজপুর-৫ (ফুলবাড়ী-পার্বতীপুর) আসনে জাতীয় পার্টি থেকে মনোনয়ন প্রত্যাশী পার্বতীপুর উপজেলা জাতীয় পার্টির সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য মোঃ কাজী আব্দুল গফুর ।
শনিবার দুপুরে ফুলবাড়ী উপজেলার হোসেন কমিউনিটি সেন্টারে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী বলে সাংবাদিকদের জানান। সংবাদ সম্মেলনে তিনি বলেন, ২০০১সালে জাতীয় নির্বাচনের পর জাতীয় পার্টির কিছু প্রভাবশালী নেতা দল ত্যাগ করায় পার্টির নেতাকর্মীরা দিশেহারা হয়ে পড়ে । অবিভাবকহীন ফুলবাড়ী-পার্বতীপুর এলাকার নেতাকর্মীকে পুনরায় সংগঠিত করে তিনি দুই উপজেলার নেতাকর্মীদের খোঁজখবর নেওয়াসহ প্রত্যেকটি ইউনিয়নে ওয়ার্ড কমিটি গঠন করেছেন।
এরই ধারাবাহিকতায় করোনা মহামারিতে নেতাকর্মীদের ত্রাণ সামগ্রী বিতরণসহ জাতীয় পার্টির মূল ধারার রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থেকে সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। তিনি আরও বলেন দেশের চলমান উন্নয়ন থেকে দিনাজপুর-৫ আসনের সাধারণ মানুষ বঞ্চিত। তাই তিনি বঞ্চিত মানুষের পাশে থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে দল থেকে মনোনয়ন পেলে বিজয়লাভ করবেন বলে আশাবাদী। এসময় তার সাথে পার্বতীপুর ও ফুলবাড়ী উপজেলার জাতীয় পার্টির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।









