আটোয়ারী(পঞ্চগড়)প্রতিনিধি:
সারাদেশের ন্যায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পঞ্চগড়ের আটোয়ারীতে উন্নয়ন মেলা শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার (০৪ অক্টোবর) সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক তিন দিনব্যাপী এই উন্নয়ন মেলার শুভ উদ্বোধন করেন। এসময় মেলা প্রাঙ্গনে বড় পর্দায় উদ্বোধনী অনুষ্ঠান উপভোগ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো. আব্দুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার শারমিন সুলতানা, অফিসার ইনচার্জ মোঃ আব্দুর রাজ্জাক, ভাইস চেয়ারম্যান মোঃ শাহাজাহান, মহিলা ভাইস চেয়ারম্যান মীরা রাণী, সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ তৌহিদুল ইসলাম, জেলা পরিষদের মহিলা সদস্য মোছাঃ লুৎফা বেগম, সকল সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী সহ সুধিজন।
উদ্বোধন অনুষ্ঠান শেষে উন্নয়ন মেলা উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর হতে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। অপরদিকে ইসলামিক ফাউন্ডেশনের পৃথক একটি শোভাযাত্রা মডেল পাঠাগার হতে বের হয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে শোভাযাত্রায় যোগ দেয়। শোভাযাত্রাটি উপজেলার গুরুত্বপুর্ন সড়ক সহ ফকিরগঞ্জ বাজার প্রদক্ষিন করে। উপজেলা চেয়ারম্যান, ইউএনও সহ অতিথিবৃন্দ শোভাযাত্রা শেষে মেলার স্টলগুলো পরিদর্শন করেন। মেলায় সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের সেবা কার্যক্রম ও সরকারের নানামূখী উন্নয়নের চিত্র তুলে ধরে ৩৯ টি স্টল প্রদর্শন করেন। ৩দিন ব্যাপী এ মেলায় বির্তক প্রতিযোগিতা, রচনা প্রতিযোগিতা সহ উন্নয়ন মুলক সাংস্কৃতিক অনুষ্ঠানের কর্মসুচি গ্রহণ করা হয়।









