গোলাপগঞ্জের কর্মরত সাংবাদিকদের সাথে মত বিনিময়কালে উপজেলা পরিষদের আসন্ন উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে নিজের প্রার্থীতা ঘোষণা করেছেন ঢাকাদক্ষিণ ডিগ্রী কলেজের ভিপি শফিক উদ্দিন। গতকাল রবিবার দুপুরে উপজেলার ঢাকাদক্ষিণ ইউপির কানিশাইলে তাঁর নিজ বাড়িতে স্থানীয় গণমাধ্যম কর্মীদের সঙ্গে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় ভিপি শফিক উদ্দিন বলেন, আমি এবং আমার পরিবার একটি আওয়ামী পরিবার। ছাত্রজীবন থেকেই তিনি আওয়ামী লীগের সহযোগী সংগঠন ছাত্রলীগের সঙ্গে সক্রিয়ভাবে সম্পৃক্ত ছিলেন। পড়াশোনা শেষ করে যুক্তরাষ্ট্রে গিয়ে সেখানে যুবলীগ প্রতিষ্ঠা করি। এরপর যুক্তরাষ্টে আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করি। এখন আওয়ামী লীগের আহবায়কের দায়িত্বে রয়েছি। ‘’৯০ এর স্বৈরাচার বিরোধী আন্দোলনের সক্রিয় একজন কর্মী দাবি করে তিনি বলেন সবসময় জনগণের অধিকার আদায়ে বদ্ধ পরিকর। মানুষকে ভালবেসে আরও কাছে যেতে এবং গোলাপগঞ্জ উপজেলাকে একটি মডেল উপজেলায় রুপান্তর করতে তিনি স্বতন্ত্র প্রার্থী হয়ে আসন্ন উপজেলা পরিষদের উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে অংশ নিতে চান। এজন্য আসন্ন উপনির্বাচনে নির্বাচনে চেয়ারম্যান পদে উপজেলাবাসীর সহযোগিতা কামনা করেন তিনি।
তিনি আরোও বলেন- আমি আশাবাদি, শেষ পর্যন্ত উৎসব মুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে কোন ধরণের সংঘাত, কারচুপি হবে না বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি নির্বাচিত হলে উপজেলায় সুষম উন্নয়নে কাজ করবেন এবং উপজেলাবাসীর নাগরিক সুবিধা নিশ্চিত করবেন বলে জানান।
এসময় গোলাপগঞ্জ উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।









