দেশে করোনাকালীন সময়ে কর্মহীন হয়ে পড়া দোকান কর্মচারী ও ইলেকট্রিশিয়ানদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে গাইবান্ধায় খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৭ জুলাই) সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে গাইবান্ধা সরকারি উচ্চ বালক বিদ্যালয় মাঠে এসব খাদ্য সহায়তা বিতরণের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আবদুল মতিন।
এসময় উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুর রাফিউল আলম, জেলা ত্রাণ কর্মকর্তা মো. ইদ্রিস আলী সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আনিছুর রহমান ও দোকান কর্মচারী শ্রমিক ইউনিয়নের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মকছুদার রহমান শাহানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
সদর উপজেলার ২শ’ জন দোকান কর্মচারী ও ইলেকট্রিশিয়ানদের মাঝে খাদ্য সহায়তা হিসেবে জনপ্রতি সাড়ে ১৬ কেজি ওজনের খাদ্য সামগ্রীর একটি প্যাকেজ প্রদান করা হয়। খাদ্য সহায়তা প্যাকেজের মধ্যে ছিল চাল, ডাল, তেল, লবণ, চিনি ও আটা।









