প্রাণঘাতি এক বিষবৃক্ষের নাম তামাক। আর এই তামাক শব্দটি উচ্চারণ করলেই চলে আসে বৃহত্তর কুষ্টিয়া জেলার নাম। সিগারেট প্রস্তুতে ব্যবহৃত ভার্জিনিয়া তামাকের সিংহভাগই উৎপাদন হয় এ অঞ্চলে। নানা কারণে দিন দিন এখানে তামাকের বিস্তার ভয়াবহ আকার ধারণ করেছে। এতে একদিকে যেমন জমির ঊর্বরতা শক্তি ক্ষয়ে যাচ্ছে অন্যদিকে স্বাস্থ্যঝুঁকিতে পড়ছে এখানকার প্রায় ৫০ ভাগ মানুষ। বেড়ে গেছে ক্যান্সার ও প্রতিবন্ধির পরিমান। ফলে সাময়িক আর্থিক সুবিধার জন্য তামাক চাষ করে চাষিরা নিজেরাই নিজেদের বিপদ ডেকে আসছেন বলে সংশ্লিষ্টদের ধারনা।
বৃহত্তর কুষ্টিয়া তথা মেহেরপুর, কুষ্টিয়া ও চুয়াডাঙ্গা জেলায় তামাক চাষের ইতিহাস বেশ পুরনো। ১৯৭৬-৭৭ সালের দিকে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় সর্বপ্রথম তামাকের আবাদ শুরু হয়। তখন ব্রিটিশ টোব্যাকো কোম্পানী (বিটিসি) নামের একটি বহুজাতিক কোম্পানী কৃষদের কাছ থেকে তামাক ক্রয় করতো। কিন্তু এখন আরও অনেকগুলো প্রতিষ্ঠান তামাক ক্রয়ে এগিয়ে এসেছে। এর মধ্যে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানী (বিএটিবি), জাপান টোব্যাকো কোম্পানী (জেটিআই), আবুল খায়ের কোম্পানী বিশেষভাবে উল্লেখ্যযোগ্য। এ বছর নতুন ভাবে যুক্ত হয়েছে আদ্-দীন টোব্যাকো কোম্পানী। ফলে তামাকের চাহিদাও বেড়ে গেছে দারুনভাবে। এতে করে বিষবৃক্ষের বিস্তার দিন দিন বেড়েই চলেছে।
বেড়েই চলছে ক্ষতিকর তামাক চাষ
এদিকে, কৃষি দপ্তর থেকে কৃষকদের তামাক চাষে নিরুৎসাহিত করতে নানা পরিকল্পনা গ্রহন করলেও তামাক চাষ কোন ভাবে ঠেকানো যাচ্ছে না। বরং দিনকে দিন এই চাষ বৃদ্ধিই পেয়ে যাচ্ছে। পরিসংখ্যান বলছে, গত ১০ বছরে বৃহত্তর কুষ্টিয়ায় তামাক চাষ বেড়ে দিগুন হয়েছে। সংশ্লিষ্টদের ধারনা, মূলত তিনটি কারণে এ অঞ্চলে তামাকের আবাদ আশঙ্কাজনক ভাবে বেড়েই চলেছে।
প্রথমত: এ অঞ্চলের চাষীদের তামাক চাষে উদ্বুদ্ধ করতে নানা কৌশল অবলম্বন করে ক্রয়াকারী প্রতিষ্ঠানগুলো। সময় মতো সহজ শর্তে ঋণ, সার, কীটনাশক, বীজ সরবরাহ করে থাকে কোম্পানীগুলো। এছাড়া তামাক ক্রয়কারী কোম্পানীর নিযুক্ত লোকজন সরাসরি ক্ষেতে গিয়ে তামাক চাষ তদারকিও করে থাকেন।
দ্বিতীয়ত: তামাক খুব স্বল্প সময়ের একটি ফসল। মাত্র ৩ মাসেই ক্ষেত থেকে তামাক আহরণ করা যায়। আর একাধিক কোম্পানী বাজার ক্রয় করায় তামাক বিক্রিতে কৃষকদের বেগ পেতে হয় না। কোম্পানীগুলোর মধ্যে প্রতিযোগীতা থাকায় ভালো দামও পান চাষীরা। এছাড়া কোম্পানীগুলোর নির্দিষ্ট ক্রয় কেন্দ্র ছাড়াও তামাক মৌসুমে প্রত্যন্ত এলাকায় অস্থায়ীভাবে তামাক ক্রয়ের ব্যবস্থাও করা হয়। নগদে তামাক বিক্রি করে অনেক কৃষকের সংসারেই সমৃদ্ধি এসেছে। ফলে তামাক চাষের ক্ষতিকারক দিকগুলো ভুলে তারা তামাক চাষ করছেন।
তৃতীয়ত: ধান পাটসহ অন্যান্য ফসল চাষ করে অনেক সময় উৎপাদন খরচই ওঠে না। উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য পাওয়া যায়না, বেচা-বিক্রিতেও নানা ঝক্কি ঝামেলা পোহাতে হয়। ফলে তামাকের বিকল্প হিসেবে লাভজনক কোন অর্থকারী ফসল না পাওয়ায় এ অঞ্চলের কৃষকরা তামাক চাষে ঝুঁকে পড়েছেন।
গত প্রায় ২০ বছর ধরে তিনি তামাক চাষ করছেন কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বড়গাংদিয়া গ্রামের কৃষক জগলুল আলী। তামাক চাষের সুফল বোঝাতে গিয়ে তিনি বলেন, এ অঞ্চলের কৃষকদের আর্থিক স্বচ্ছলতার চিত্র দেখছেন তা তামাকেরই অবদান। গাঁয়ের অধিকাংশ বাড়িই পাকা। যে কৃষকটি একেবারে দরিদ্র তারও সেমি পাকা বাড়ি। ঘরে ঘরে রঙিন টেলিভিশন, হাতে হাতে দামি মোবাইল। অনেকে আবার বাস, ট্রাক, মাইক্রোবাস-কার এর মালিক হয়েছেন তামাক চাষের অর্থে।
জেলার দৌলতপুর উপজেলার শেরপুর গ্রামের কৃষক আজহার আলী দ্যা বিডি রিপোর্টকে বলেন, তামাক চাষের কারণে মানুষের অনেক জীবনঘাতী রোগ দেখা দিচ্ছে। সবই বুঝি। কিন্তু উপায় কি? কিছু মোটা অর্থ তো পাওয়া যাচ্ছে। তার দাবী, বিকল্প অর্থকারী ফসলের ব্যবস্থা করা গেলে অনেক চাষি তামাক থেকে মুখ ফিরিয়ে নিবে। তাই এ ব্যাপারে সরকারী ভাবে উদ্যোগ গ্রহন করতে হবে।
পরিবেশ বাদিরা বলছেন, তামাক চাষের কারণে বন উজাড় হচ্ছে। এক বিঘা জমির তামাক পোড়াতে প্রায় চার হাজার টাকার কাঠ বা জ্বালানী ব্যবহার করতে হচ্ছে। এছাড়া তামাক ক্ষেতে ব্যবহৃত উচ্চমাত্রার রাসায়নিক ও কীটনাশক পানিতে মিশে পানি ও পরিবেশ দুষন ঘটাচ্ছে। মৎস্য সম্পদের খাদ্য শৃঙ্খল ভেঙ্গে বংশ বৃদ্ধির ধারা কমে গেছে। এর ফলে অনেক প্রজাতির মৎস্য বিলুপ্ত হয়েছে। গবাদি ও বন্য প্রাণীও এর ক্ষতিকর প্রভাব থেকে মুক্ত হতে পারছে না।
বিশেজ্ঞদের মতে, তামাক চাষী পরিবারের শিশু, গর্ভবতী এবং দুগ্ধদানকারী মা মারাত্মক স্বাস্থ্য ঝুঁকির মধ্যে থাকেন। গত এক দশকে এ মানুষের অঞ্চলের মানুষের মাঝে মরণব্যাধী ক্যান্সার রোগসহ প্রতিবন্ধি শিশু জন্মের হার আংশকাজনক ভাবে বেড়ে গেছে। শুধুমাত্র দৌলতপুর উপজেলাতেই প্রায় ১০ হাজারের বেশি প্রতিবন্ধি রয়েছে। দেশের কোন উপজেলাতে এতো বেশি সংখ্যক প্রতিবন্ধি নেই। তামাক চাষ এর জন্য অনেকাংশে দায়ী বলে বিশেষজ্ঞদের মত।









